বড় জয়ে শুরু বার্সেলোনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় জয় দিয়ে স্প্যানিশ লিগের এবারের মৌসুম বেশ ভালোমতোই শুরু করেছে বার্সেলোনা। শুরুটা ভালো হয়েছে মেসিরও। গতকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দুটি গোল করেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। মেসির জোড়া গোলে কাতালানরাও পেয়েছে ৫-১ গোলের বড় জয়। ইনজুরি কাটিয়ে আবার মাঠে ফিরে গোলের দেখা পেয়েছেন ডেভিড ভিয়া ও কার্লোস পুয়োল।মেসি-পুয়োল-জাভি-ফ্যাব্রিগাসদের পারফরমেন্সে নিশ্চয়ই গতকাল উচ্ছ্বসিত ছিলেন বার্সেলোনার নতুন কোচ টিটো ভিলানোভা। পেপ গার্দিওলার উত্তরসূরি হিসেবে তাঁর পথচলার সূচনাটাও দুর্দান্তই বানিয়ে দিয়েছে শিষ্যরা। খেলার বেশির ভাগ সময়েই বল ছিল কাতালানদের দখলে। প্রথমার্ধের চার মিনিটে বার্সাকে প্রথম গোলটি এনে দেন পুয়োল। ১১ ও ১৬ মিনিটে সোসিয়েদাদের জালে আরও দুবার বল জড়িয়ে দেন লিওনেল মেসি। মাঝখানে নয় মিনিটের সময় বার্সেলোনাকে একটি গোল শোধ করে দেন সোসিয়েদাদের মিডফিল্ডার গঞ্জালো কাস্ত্রো। ৪১ মিনিটে পেদ্রোর আরেকটি গোলের সুবাদে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়ে দেন ডেভিড ভিয়া। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে ডেভিড ভিয়া গোল করে আনন্দে ভাসিয়েছেন বার্সা-সমর্থকদের। ৭৫ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার পর ৮৪ মিনিটে গোলের দেখা পান এই স্প্যানিশ স্ট্রাইকার। রয়টার্স।