বড় জয়ে শুরু যুবাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝোড়ো ইনিংসের পথে সাঈদের একটি ছক্কা  ওয়েবসাইট
ঝোড়ো ইনিংসের পথে সাঈদের একটি ছক্কা ওয়েবসাইট

তাঁর মূল পরিচয় পেসার। কিন্তু কাল যেমন ব্যাটিং করলেন, তাতে নিজেকে অলরাউন্ডার দাবি করতেই পারেন সাঈদ সরকার! বোলিং করেছেন মাত্র ২ ওভার। কিন্তু তার আগে এমন ব্যাটিং করেছেন যে বোলিংটা আসলে দরকারই হয়নি। ৮ নম্বরে নেমে ৬৬ বলে ৮৩! ৭৭ রানের সঙ্গে ২ উইকেটে ম্যাচ-সেরা অবশ্য মোসাদ্দেক হোসেন। এই দুজনের পারফরম্যান্সেই বাংলাদেশের যুবাদের শুরুটা হলো দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে ১০৪ রানে উড়িয়ে সাত ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।
চট্টগ্রামে কাল ৩১ রানের উদ্বোধনী জুটির পর হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশ। ক্যারিবিয়ান অধিনায়ক রামাল লুইসের অফস্পিন আর গুড়াকেশ মতি-কানহাইয়ের বাঁহাতি স্পিনে ৮৪ রানে ৬ উইকেট বাংলাদেশের যুবারা। সাঈদের দৃশপটে আগমন তখনই। এক পাশে উইকেট আগলে রাখেন মোসাদ্দেক, আরেক পাশে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান বাড়ান সাঈদ। ৫০ বলে ফিফটি ছুঁয়ে সাঈদ পরের ৩৩ করেছেন ১৬ বলে। ইনিংসে ৮ চারের পাশে ৪ ছক্কা। সময়ের দাবি মিটিয়ে ফিফটি ছুঁতে মোসাদ্দেকের লেগেছে ৯৫ বল। পরে রান-বলের ব্যবধান ঘুচিয়ে ১০৭ বলে করেছেন ৭৭। দল তখন পেয়ে গেছে ২২২ রানের পুঁজি।
মাঝারি এই রানকেই টার্নিং উইকেটে বাংলাদেশের স্পিনাররা বানিয়ে ছেড়েছেন যথেষ্টরও বেশি। অফস্পিনে নতুন বল হাতে নিয়ে ২ উইকেট নিয়েছেন অধিনায়ক মেহেদি হাসান, ২ উইকেট করে পেয়েছেন আরও দুই স্পিনার মোসাদ্দেক ও নিহাদুজ্জামান। তবে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল লেগস্পিনার জুবায়ের। একই মাঠে দ্বিতীয় ম্যাচ আগামীকাল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ৫০ ওভারে ২২২/৯ (সাঈদ ৮৩, মোসাদ্দেক ৭৭, শাদমান ২২, জয়রাজ ১১; লুইস ৩/২৪, মতি-কানহাই ২/২৪, অ্যালেন ২/৩০)। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯: ৪৪.৫ ওভারে ১১৮ (কোলম্যান ৪২, জোনস ১৩, লুইস ১৩; জুবায়ের ৩/৩০, নিহাদুজ্জামান ২/১৮, মেহেদি ২/১৬, মোসাদ্দেক ২/১৬)।