বড় জয়ে শুরু শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮২ রানের বড় ব্যবধানের জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসর শুরু করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অজন্তা মেন্ডিসের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ১৫ বল বাকি থাকতেই ১০০ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। চার ওভার বল করে মাত্র আট রানের বিনিময়ে ৬টি উইকেট শিকার করেছেন মেন্ডিস। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেছেন ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা।টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক সালংকার বিপক্ষে জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতিতে করেছিল জিম্বাবুয়ে। প্রথম পাঁচ ওভারে তাদের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৩৬ রান। এরপর বল হাতে টানা দুই ওভারে ওপেনার ভুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা ও অধিনায়ক ব্রেন্ডন টেলরের উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে চাপের মুখে ফেলে দেন ডানহাতি স্পিনার অজন্তা মেন্ডিস। দুই ওভার পরে এবার জিম্বাবুয়ে শিবিরে হানা দেন জীবন মেন্ডিস। নিজের প্রথম ওভারেই ক্রেইগ অরভিন ও ম্যালকম ওয়ালারের উইকেট তুলে নেন এই ডানহাতি লেগস্পিনার। এরপর নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এসে আবারও সেই বিধ্বংসী ভূমিকায় অবতীর্ণ হন অজন্তা মেন্ডিস। টানা দুই ওভারে তুলে নেন চিগুম্বুরা, প্রোসপার উতসেয়া ও কাইল জারভিসের উইকেট। ১৭তম ওভারে গ্রায়েম ক্রেমারকে সাজঘরমুখী করেন জীবন মেন্ডিস। পরের ওভারে জিম্বাবুয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লাথিস মালিঙ্গা। ক্রিস্টোফার এমপফুকে সাজঘরে ফিরিয়ে ১০০ রানেই গুটিয়ে দেন জিম্বাবুয়ের ইনিংস।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে প্রথম ছয় ওভারেই ৫৩ রান যোগ করেছিলেন অভিষিক্ত দিলশান মুনাওয়েরা ও তিলকারত্নে দিলশান। কিন্তু সপ্তম ওভারে দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন মুনাওয়েরা। তার আগে এই ডানহাতি ব্যাটসম্যান করেছিলেন ১৭ রান। এরপর রানের গতি কিছুটা কমে আসে শ্রীলঙ্কার। তিন ওভার পরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান দিলশানও। ১২তম ওভারে ঝুঁকি নিয়ে দুটি রান নিতে গিয়ে আবারও রানআউটের শিকার হন জয়াবর্ধনে। এ পরিস্থিতিতে হয়তো কিছুটা শঙ্কা ভর করেছিল লঙ্কান শিবিরে। কিন্তু চতুর্থ উইকেটে ৯৪ রানের ঝোড়ো এক জুটি গড়ে শ্রীলকে শক্ত অবস্থানে নিয়ে যান কুমার সাঙ্গাকারা ও জীবন মেন্ডিস। এই রান তাঁরা করেন মাত্র ৮.১ ওভারে। মাত্র ২৬ বলে ৪৪ রানের ঝোড়ো এক ইনিংস খেলে শেষ ওভারে আউট হন সাঙ্গাকারা। ৩০ বলে ৪৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মেন্ডিস। শেষ বলে একটি ছয় মেরে লন স্কোর বোর্ডে ১৮২ রান জমা করেন থিসারা পেরারা।