চার ম্যাচের ১১ গোলের ৭টিই বিদেশি ফুটবলারদের। বিদেশিদের দাপটে চোখে পড়ছে না স্থানীয় ফুটবলারদের কৃতিত্ব। তবে কাল আবাহনীর জয়ে বড় অবদান রাখলেন স্থানীয় ফুটবলাররাই। জাহিদ ও তৌহিদুলের সঙ্গে একটি করে গোল করেছেন ফ্রাঙ্ক—রহমতগঞ্জের বিপক্ষে এই তিন গোলেই জিতল আবাহনী (৩-০)।আরও বড় ব্যবধানেই জেতা উচিত ছিল আবাহনীর। কিন্তু স্ট্রাইকারদের হাস্যকর সব ভুলে ৩ গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশ লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের। ম্যাচের ৩৬ মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে রহমতগঞ্জ। নাসিরকে কড়া ট্যাকল করে লাল কার্ড দেখেন রহমতগঞ্জের সোহেল। এই সুযোগটাই কাজে লেগেছে আবাহনীর। তবে প্রথম গোল পেয়েছে তারা অনেকগুলো সুযোগ নষ্ট হওয়ার পর। রহমতগঞ্জ ১০ জনের দল হয়ে পড়ার চার মিনিটের মধ্যে ফ্রাঙ্ক ও জাহিদ সহজ দুটি সুযোগ উড়িয়ে দিয়েছেন। তবে দুজনই পরে গোল করে হয়েছেন দায়মুক্ত।আবাহনীর কাছে রহমতগঞ্জ হার মানে ৫৯ মিনিটে। আবাহনীকে প্রথম এগিয়ে দেন ওই জাহিদ। গোলের উৎস ছিলেন ফ্রাঙ্ক। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেডারেশন কাপে খেলেছেন মাত্র এক ম্যাচ। তবে কাল শেষ দিকে উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত দুর্দান্ত খেলেছেন জাহিদ। ডান প্রান্তিক আক্রমণে ব্যতিব্যস্ত রেখেছেন রহমতগঞ্জকে। জাহিদের সঙ্গে সমানতালে বাঁ প্রান্তে খেলেছেন তৌহিদুল। মামুনের বদলি হিসেবে মাঠে নামার মিনিট কয়েক পর পেয়ে যান গোলের দেখাও। ৬৪ মিনিটে ইব্রাহিমের পাস থেকে ২-০ করেন তিনি। ৭২ মিনিটে জাহিদের ক্রস থেকে চমৎকার ভলিতে জয় নিশ্চিত করেন ফ্রাঙ্ক।জয় দিয়ে লিগ শুরু করলেও কোচ আলী আকবর পোরমুসলিমি হতাশ, ‘এই ম্যাচে অন্তত ১০-১২টা গোল হওয়া উচিত ছিল। কিন্তু হয়েছে মাত্র তিনটি। দুই গোল করার পরই খেলোয়াড়েরা দাঁড়িয়ে গেছে।’ ফেডারেশন কাপে খেলা তরুণ গোলরক্ষক সোহেলকে কাল খেলাননি কোচ। তাঁর বদলে মাঠে নামান গত মৌসুমে মোহামেডানের হয়ে খেলা আল হাসানকে। যদিও তাঁকে পরীক্ষার মুখে পড়তে হয়নি। ম্যাচ শেষে বেজায় ক্ষুব্ধ দেখাল রহমতগঞ্জের কোচ মাহমুদুল হককে (লিটন)। তাঁর সব রাগ রেফারির ওপর, ‘লাল কার্ডের ব্যাপারে আপত্তি নেই। কিন্তু আমাদের তো মাঠে খেলতেই দেওয়া হয়নি। রেফারি অনেক কিছুই এড়িয়ে গেছেন।’ আবাহনী: আল হাসান, সুজন, মামুন (তৌহিদুল), সামাদ ইউসুফ, ওয়ালী ফয়সাল, নাসির, প্রাণতোষ, আরমান আজিজ (রবিন), জাহিদ (চৌম্রিন), ইব্রাহিম, ফ্রাঙ্ক। রহমতগঞ্জ: সুজন, শিমুল, শাকিল, সুফিয়ান, রাশেদ, বিপুল, সোহেল, ইদ্রিস কাসারি, দুম্বা, কনটে, ডিভাইন (মিলন)।