একটা দল ফিফা র্যাঙ্কিংয়ে ১৮৩তম। সেই দলটার বিপক্ষে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে। তখন মনে হচ্ছিল ইতালি ম্যাচে গোলবন্যা বইয়ে দেবে। কিন্তু লিখটেনস্টেইনের বিপক্ষে ম্যাচে বিরতির পর আর গোলই করতে পারেনি ইতালি। চার গোলে জিতেও তাই ইতালি কোচ জিয়ামপিয়েরো ভেনতুরার কী আফসোস!
একই গ্রুপে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনও ঠিক ৪-০ গোলে জিতেছে দুর্বল মেসিডোনিয়ার বিপক্ষে। তবে স্পেন কোচ হুলেন লোপেতেগির তাতে কোনো আক্ষেপ নেই। গ্রানাডার কারমেনেস স্টেডিয়ামে পরশু নিয়মিত একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিলেন স্পেন কোচ। ৩ পয়েন্ট পাওয়াতেই খুশি লোপেতেগি।
লিখটেনস্টেইনের মাঠে ইতালির হয়ে জোড়া গোল করেছেন আন্দ্রেয়া বেলোত্তি, একটি করে গোল চিরো ইম্মোবিলে ও আন্দ্রেয়া কান্দ্রেভার। তারপরও ভেনতুরার আক্ষেপের যৌক্তিক কারণ আছে। চারটি করে ম্যাচ হয়ে যাওয়ার পর ‘জি’ গ্রুপে স্পেন ও ইতালি দুই দলেরই পয়েন্ট এখন ১০ করে। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থানে স্পেন। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি ২০১৮ বিশ্বকাপে খেলার জন্য শেষ পর্যন্ত গোল ব্যবধানই বড় নিয়ামক হয়ে যেতে পারে। এ রকম ম্যাচই গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার বড় সুযোগ। ম্যাচ শেষে ভেনতুরা বললেনও, ‘অন্য ম্যাচের ফল কী, সেটা আমার দেখার বিষয় নয়। আমরা আজ যতগুলো সুযোগ তৈরি করেছি, তাতে সহজেই এর দ্বিগুণ ব্যবধানে জিততে পারতাম।’
মেসিডোনিয়ার বিপক্ষে প্রথমার্ধে প্রায় ৮৫ শতাংশ বলের দখল ছিল স্পেনের। তারপরও বিরতির আগে মেসিডোনিয়ার একটা আত্মঘাতী গোল ছাড়া আর কোনো গোল তারা পায়নি। আন্দ্রেস ইনিয়েস্তা, ডিয়েগো কস্তা, সার্জিও রামোস, জেরার্ড পিকে ও জর্ডি আলবাকে খেলাননি লোপেতেগি। বিরতির পর অবশ্য পুষিয়ে দিয়েছেন সুযোগ পাওয়া অন্য খেলোয়াড়েরা। ভিতোলো, নাচো মনরিয়েল ও আদুরিজের গোলে চওড়া হাসি নিয়েই মাঠ ছাড়ে স্পেন। দেশের হয়ে সর্বশেষ চার ম্যাচে তৃতীয় গোল পেলেন ভিতোলো, স্পেনের জার্সিতে মনরিয়েলের এটি প্রথম গোল।
দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের জয়ের রাতে হতাশা নিয়ে ফিরতে হয়েছে গ্যারেথ বেলের ওয়েলসকে। কার্ডিফ সিটি স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে বেলের গোলে ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ওয়েলস ১-১ গোলে ড্র করেছে। ম্যাচের পর হতাশা লুকাননি ওয়েলস অধিনায়ক বেল, ‘খুবই খারাপ লাগছে। মনে হচ্ছে, ২ পয়েন্ট ছেড়ে দিয়ে এলাম। আমরা নিজের মাঠে খেলেছি, ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিলাম। স্পষ্টই দুটি পয়েন্ট হাত থেকে বেরিয়ে গেল।’
চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে তিন নম্বরে এখন ওয়েলস। ১০ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে আয়ারল্যান্ড, দ্বিতীয় স্থানে থাকা সার্বিয়ার পয়েন্ট ৮। বেল অবশ্য এখনো বিশ্বকাপে যাওয়ার ব্যাপারে আশাবাদী, ‘আমরা আয়ারল্যান্ডের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছি। কিন্তু ওদের বিপক্ষে দুটি ম্যাচই বাকি। সুতরাং আমাদের ভালো সুযোগ আছে।’ এএফপি, রয়টার্স।
‘বুড়ো’র গোল
৩৫ বছর ২৭৫ দিন বয়সে গোল করে স্পেনের সবচেয়ে বেশি বয়সী গোলদাতা হয়েছেন আদুরিজ। এর আগের রেকর্ডটা ছিল হোসে মারিয়া পেনার, ১৯৩০ সালে পর্তুগালের বিপক্ষে তিনি গোল করেছিলেন ৩৫ বছর ২২৫ দিন বয়সে।