বড় জয়েও উদ্বিগ্ন রিয়াল
দু-দুবার পিছিয়ে পড়েও ৫-২ গোলের জয়। কিন্তু ম্যাচ শেষে তৃপ্তি ছাপিয়ে রিয়াল মাদ্রিদ শিবিরে অস্বস্তির হাওয়াটাই বইছে বেশি। রিয়ালের কপালে দুশ্চিন্তার ছাপ ফেলেছে হজম করা গোল দুটি। দুটি গোলই ‘সেট-পিস’ থেকে। রিয়াল মায়োর্কার মতো নিচুর সারির দলের বিপক্ষে এভাবে ‘সেট-পিস’ থেকে গোল খাওয়াটা সত্যিই দুশ্চিন্তার। রিয়ালের সহকারী কোচ আইতর কারাঙ্কা অস্বস্তি গোপনও করেননি। বলেছেন তাদের অবশ্যই সেট-পিস থেকে এভাবে গোল খাওয়াটা বন্ধ করতে হবে, ‘মৌসুমের শুরু থেকেই আমাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে সেট-পিস। মনোযোগ এবং পরস্পরের সঙ্গে যোগাযোগের ঘাটতিটা স্পষ্ট। মৌসুমের বাকি সময়ের জন্য অবশ্যই এ জায়গাটায় উন্নতি করতে হবে।’লিগ এখন আর রিয়ালের অগ্রাধিকার তালিকায় নেই। তাদের সব মনোযোগ এখন চ্যাম্পিয়নস লিগ আর কোপা ডেল রের ফাইনালের দিকে। রিয়াল জানে চ্যাম্পিয়নস লিগের কঠিন বৈতরণি পেরোতে হলে নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে। জয়ের তৃপ্তির চেয়েও তাই ভুলত্রুটিগুলোই দেখা দিচ্ছে বড় হয়ে।পয়েন্ট তালিকার ১৭ নম্বরে পড়ে থাকলেও মায়োর্কা বার্নাব্যুতে এসেছিল সর্বশেষ দুই ম্যাচেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে। বার্নাব্যুতেও শুরুটা করেছিল দারুণ। ম্যাচের ৬ মিনিটেই মায়োর্কাকে এগিয়ে দেন এমিলিও এনসুয়ে। জিওভানি দস সান্তোসের ক্রসে হেড করে। আট মিনিট পরই অবশ্য রিয়ালকে সমতায় ফেরান গঞ্জালো হিগুয়েইন। কিন্তু ২১ মিনিটে আবারও এগিয়ে যায় মায়োর্কা। জিওভানির কর্নার কিক থেকে হেডে গোল করেন আলেজান্দ্রো আলফারো।দ্বিতীয়ার্ধে মেসুত ওজিল ও করিম বেনজেমা বদলি হিসেবে নেমেই পাল্টে দেন ম্যাচের চেহারা। ৫১ থেকে ৫৭—ছয় মিনিটের মধ্যে ৩ গোল করে রিয়াল ম্যাচটাকে পুরো ফেলে হাতের মুঠোয়। ৫১ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো ফেরান সমতা। ৫৪ মিনিটে এগিয়ে দেন লুকা মডরিচ। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে হিগুয়েইন বানিয়ে ফেলেন ৪-২। যোগ করা সময়ে ৫-২ করেন করিম বেনজেমা। এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানটা ১০-এ নামিয়ে এনেছে বটে; তবে গতকাল রাতেই রায়ো ভায়েকানোর বিপক্ষে জিতে থাকলে বার্সা আবার এগিয়ে গেছে ১৩ পয়েন্টে।এদিকে ইতালিয়ান সিরি ‘আ’তে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে জুভেন্টাস। এএফপি।