বড় জয়েও স্বস্তি নেই জার্মানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্মেনিয়ার বিপক্ষে একটি গোল করে জার্মানির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন ক্লোসা (ডানে)। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মারিও গোটশেও (বাঁয়ে) করেছেন দুটি গোল। ছবি: রয়টার্স
আর্মেনিয়ার বিপক্ষে একটি গোল করে জার্মানির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন ক্লোসা (ডানে)। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মারিও গোটশেও (বাঁয়ে) করেছেন দুটি গোল। ছবি: রয়টার্স

কেন তাদের এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট বলা হচ্ছে, সেটার প্রমাণ হাতেনাতেই দিল জার্মানি। বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে আর্মেনিয়াকে রীতিমতো বিধ্বস্ত করেছে জোয়াকিম লোর শিষ্যরা। জিতেছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে। বিশ্বকাপ শুরুর মাত্র পাঁচ দিন আগে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর চনমনেই থাকার কথা জার্মানির। কিন্তু দলের অন্যতম সেরা মিডফিল্ডার মার্কো রইসের চোট অস্বস্তিতেই ফেলে দিয়েছে জার্মান শিবিরকে।

২০১১ সালে অভিষেকের পর খুব দ্রুতই কোচের নজর কেড়েছিলেন রইস। এবারের বিশ্বকাপেও তিনি ছিলেন জার্মান মাঝ মাঠের অন্যতম প্রধান ভরসা। কিন্তু গতকাল বরুশিয়া ডর্টমুন্ডের এই মিডফিল্ডার পড়েছেন ইনজুরির কবলে। প্রথমার্ধের শেষ পর্যায়ে গোড়ালিতে চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছেন। এখন বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন কি না, সেটা পড়ে গেছে চরম অনিশ্চয়তার মুখে।

৪৩ মিনিটে চোট পাওয়ার আগে বেশ কয়েকটি সহজ গোলের সুযোগও পেয়েছিলেন রইস। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধে যেন গোল করার নেশাতেই পেয়ে বসেছিল জার্মানিকে। ৫২ মিনিটে শুরুটা করেছিলেন আন্দ্রে শ্রুলে। এরপর ৭২ থেকে ৭৬, এই চার মিনিটের মধ্যেই তিনটি গোল করেছেন লুকাস পোডলস্কি, বেনেডিক্ট হোয়েডেস ও মিরোস্লাভ ক্লোসা। ৮২ ও ৮৯ মিনিটে জার্মানির শেষ দুটি গোল করেছেন মারিও গোটশে।

গতকাল একটি গোল করে জার্মান কিংবদন্তি জার্ড মুলারকে পেছনে ফেলে দিয়েছেন ক্লোসা। ৬৯ গোল নিয়ে তিনিই এখন জার্মানির সর্বকালের সবচেয়ে বেশি গোলের মালিক। বিশ্বকাপে আর মাত্র দুটি গোল করলেই ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে পেছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটাও নিজের দখলে নিতে পারবেন এই জার্মান স্ট্রাইকার। গোল ডটকম