বড় জয়েও হাসি নেই বার্সার
লিওনেল মেসির নাম নেই। নেই ডেভিড ভিয়া, পেদ্রো, আন্দ্রেস ইনিয়েস্তারও। গোলদাতা হিসেবে নাম নেই বার্সেলোনার আক্রমণভাগের কোনো খেলোয়াড়েরই। খেলা যাঁরা দেখেননি, তাঁদের জন্য শুরুর এই তথ্য বিভ্রান্তি জাগাতে পারে। তবে কি কাল ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে বার্সার ঘাম ছুটিয়ে দিল আল সাদ?মোটেও না। বরং এশীয় চ্যাম্পিয়ন কাতারি ক্লাবটিরই ঘাম ছুটে গেল বার্সার আক্রমণের স্রোত থামাতে গিয়ে। ইয়োকোহামার ৬৬ হাজার দর্শককে মুগ্ধ করে দিয়ে ৪-০ গোলের জয় নিয়ে ফাইনালে উঠল পেপ গার্দিওলার দল। ফুলব্যাক আদ্রিয়ানো জোড়া গোল করেছেন। ৬৬ মিনিটে বদলি হিসেবে নেমে গোল করেছেন আরেক ফুলব্যাক ম্যাক্সওয়েল। গোলের দেখা পেয়েছেন সেইডু কেইটাও। মেসি-পেদ্রোদের কড়া নজরদারিতে রেখেও বড় পরাজয় এড়াতে পারেনি আল সাদ। নিজে গোল না করে করানোর দিকেই যেন বেশি উৎসাহী ছিলেন মেসি।ফরোয়ার্ডদের কারও গোল না পেয়েও বড় জয়—ম্যাচ শেষে কিন্তু এটাও বার্সার জন্য বড় খবর হলো না। হলো ডেভিড ভিয়ার চোট। গত এল ক্লাসিকোতে তাঁকে বসিয়ে অ্যালেক্সিস সানচেজকে খেলানোয় ক্ষুব্ধ ভিয়া বার্সা ছাড়ছেন বলে খবর দিয়েছিল মার্কা। সেটি উড়িয়ে দিলেও খবরটা অন্যভাবে সত্যি হয়ে গেল বার্সার জন্য। আগামী কয়েক মাস বার্সার হয়ে ভিয়ার খেলার সম্ভাবনা নেই। স্পেন জাতীয় দলের সর্বোচ্চ গোলের মালিককে তাঁর দল হয়তো পাবে না আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও। ভিয়ার পা ভেঙে গেছে। অস্ত্রোপচারের বিকল্প নেই।ম্যাচ শেষে এই বড় জয়ের চেয়েও তাই বেশি আলোচিত হলো ভিয়ার চোট। প্রথমার্ধের শেষ দিকে আল সাদের বক্সে প্রচণ্ড গতিতে ছুটতে থাকা ভিয়ার সঙ্গে এক ডিফেন্ডারের পায়ে পা লেগে যায়। স্ট্রেচারে করে তাঁকে বের করে আনা হলেও তখনো মনে হয়নি চোটটা এত গুরুতর। ম্যাচ শেষে গার্দিওলা জানিয়েছেন, ‘ডেভিডের পা ভেঙে গেছে। যত দ্রুত সম্ভব বার্সেলোনায় ওকে পাঠানো হবে অস্ত্রোপচারের জন্য। ওর জন্য আমাদের সবার খারাপ লাগছে। এটা আমাদের জন্য বড় ধাক্কা। নিশ্চিতভাবেই ও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেল।’এই ক্লাব বিশ্বকাপও এখন ভিয়ার জন্য জিততে চায় বার্সা। তবে কাজটা সহজ হবে না। রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ নেইমারের সান্তোস। এএফপি, রয়টার্স।