বড় জয়েও হাসি নেই রাসেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাঠে দুই ম্যাচ। দুটিই বড় দলের। ম্যাচের ফলাফলও বড় দলের পক্ষেই। তবে ঢাকায় ব্রাদার্সের বিপক্ষে শেখ রাসেলের পাওয়া ৪-০ জয়টা বেশ চমক-জাগানিয়া। ফেনী সকারের স্কোরলাইনটা বরং দুই দলের শক্তির তারতম্য পুরোপুরি তুলে ধরতে পারছে না। ১০ জনের সকারের বিপক্ষে মুক্তিযোদ্ধার জয়টা ২-০ না হয়ে আরও বড়ই হওয়াই ছিল ম্যাচের সঙ্গে সংগতিপূর্ণ।ফেনী থেকে প্রতিনিধি জানিয়েছেন, ১৭ মিনিটে সকারের ডিফেন্ডার জন এরিক বক্সে ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ধরেন। পেনাল্টি তো বটেই, এরিক দেখেন লাল কার্ড। পেনাল্টি থেকে গোল করেন জেমস মগা। ১৪ গোল নিয়ে বাংলাদেশ লিগে এখন এককভাবে গোলদাতা তালিকার শীর্ষে এই সুদানি স্ট্রাইকার। ৭৮ মিনিটে রুশ মিডফিল্ডার বরিস করেছেন ২-০।১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনীর সঙ্গে ৩ পয়েন্টের ব্যবধানটা ধরে রাখল মুক্তিযোদ্ধা।বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ রাসেলের বিপক্ষে ব্রাদার্সকে চেনাই যায়নি। তুলনামূলকভাবে শক্তিশালী দলের লড়াইটা প্রত্যাশিতই ছিল। কিন্তু ব্রাদার্স ভুল করল প্রচুর। মিস পাস, বল রিসিভিং, ম্যান মার্কিং, কিছুই ঠিকভাবে হয়নি। তার ওপর গোলরক্ষক উত্তমকে নড়বড়ে দেখাল। অন্তত দুটি গোলে নিজের দায় এড়াতে পারবেন না উত্তম। সব মিলিয়ে ব্রাদার্সের জন্য বাজে অভিজ্ঞতার এক ম্যাচ।তবে মানিক, রাজু, ওয়াহেদের কাছে আনন্দের স্মৃতি হয়ে থাকবে। রাসেলের প্রথম, তৃতীয় ও চতুর্থ গোল করেন এই তিন স্থানীয় তরুণ। দ্বিতীয় গোলটি ডুকের। বিদেশি-নির্ভর স্থানীয় ফুটবলে স্থানীয়দের ওপর ভর করে জেতা এখন কমই দেখা যায় বাংলাদেশের ফুটবলে। সেদিক থেকে স্থানীয়রা ম্যাচ জেতাচ্ছেন—দৃশ্যটা তৃপ্তিদায়ক।বড় জয়েও শেখ রাসেলের মুখে হাসি নেই। ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা দলটি শিরোপার লড়াই থেকে পিছিয়ে পড়েছে। হাতে ম্যাচ ৭টি। কাগজের হিসাবে মুক্তিযোদ্ধার সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধানটা মুছে ফেলা সম্ভব, তবে বাস্তবতা শেখ রাসেলের লিগ শিরোপার স্বপ্ন এখন মৃত।প্রতিবারই কেন এমন হয়? ম্যাচের পর মাঠে দাঁড়িয়ে ক্লাব সভাপতি নূরুল আলম চৌধুরীর মুখে ব্যাখ্যা, ‘চ্যাম্পিয়ন হতে ভাগ্য লাগে। তা ছাড়া লাগে মেকানিজম। আমরা এটা পারি না!’আজকের খেলা: শেখ জামাল-আরামবাগ (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৪-১৫ মি.) ও চট্ট. আবাহনী-ফরাশগঞ্জ (কক্সবাজার স্টেডিয়াম, ৪টা)