বড় জয়ের বদলে ড্র
চীনা তাইপের হাসুসের সঙ্গে অপ্রত্যাশিত গোলশূন্য ম্যাচ আবাহনীকে ফেলে দিয়েছে কঠিন সমীকরণে। শেষ ম্যাচে তাদের জিততেই হবে কিরগিজস্তানের দরদরই বিশকেকের বিপক্ষে। নইলে ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টস কাপটা তাদের কাছে কেবল আয়োজনেরই উপলক্ষ হয়ে থাকবে।দুই ম্যাচে আবাহনীর পয়েন্ট ৪। দরদই বিশকেকের ৬। আগামীকাল এই দুই দলের সাক্ষাতে জয় ছাড়া উপায় নেই আবাহনীর। আবাহনী জিতলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাবে। কিন্তু রানার্সআপ হলে কোনো সম্ভাবনাই থাকছে না।১১ দলের টুর্নামেন্টে ‘এ’ ও ‘বি’ গ্রুপে ৪টি করে দল। ‘সি’ গ্রুপে তিনটি। তিন গ্রুপ-সেরার সঙ্গে সেরা রানার্সআপ দল যাবে সেমিফাইনালে। কিন্তু ‘সি’ গ্রুপে তিনটি দল থাকায় নিয়ম করা হয়েছে ‘এ’ ও ‘বি’ গ্রুপের দুই রানার্সআপের দুটি করে ম্যাচ বিবেচনায় আনা হবে না সেরা রানার্সআপ হওয়ার প্রশ্নে। ‘সি’ গ্রুপে মিয়ানমারের ইয়াদানারবন দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন। তারা ১১ গোল করেছে, খায়নি একটিও। এই গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ তুর্কমেনিস্তানের ইতো ক্লাব। তারা করেছে ৮ গোল, খায়নি একটিও।‘বি’ গ্রুপে তিন ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া তাজিকিস্তানের এফসি ভাসক গ্রুপ চ্যাম্পিয়ন। এর পরই পাকিস্তানের খান রিচার্স ল্যাবরেটরি, তাদের পয়েন্ট ৩। গোলগড় মাইনাস ১।আবাহনী প্রথম ম্যাচে নেপালের নিউ রোডকে ২-০ গোলে হারিয়েছে। এই নিউ রোড আগামীকাল চীনা তাইপের হাসুসের কাছে হারলে সর্বনিম্ন স্থান পাবে এবং আবাহনী ওই ম্যাচের ৩ পয়েন্ট পাবে না। সেটা হলে শেষ ম্যাচে দরদইয়ের সঙ্গে ড্র করলে আবাহনীর পয়েন্ট হবে ২। আবার নিউ রোড যদি হাসুসকে হারায় এবং হাসুস সর্বনিম্ন স্থান পায়, তাহলে দরইয়ের সঙ্গে ড্র করলে আবাহনীর পয়েন্ট হবে ৪। তখন গোলের হিসাব চলে আসবে। যেখানে আবাহনী অনেক পেছনে ইতোর চেয়ে। তাই সেমিফাইনালে যেতে চাইলে আবাহনীকে জিততেই হবে দরদইয়ের বিপক্ষে। এর বিকল্প নেই।কাল হাসুসকে হারালেও যে আবাহনী নিশ্চিত সেমিফাইনালের পথে থাকত, ব্যাপারটা এমনও নয়। হাসুস হেরে গ্রুপে সবার নিচে থাকলে এই ম্যাচে মূল্যই থাকত না সেরা রানার্সআপ হওয়ার লড়াইয়ে। ঘুরেফিরে চলে আসত শেষ ম্যাচের দরদইয়ের বিপক্ষে জয়।অত কিছু না ভেবে আবাহনী এদিন চাইছিল বড় জয়। হাসুসকে শেষ ৩৫ মিনিট ১০ জনের দল হিসেবে পেয়েও জিততে পারেনি আবাহনী। ৫৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে হাসুসের মিডফিল্ডার চেন পো লাং বেরিয়ে গেলে তারা হয়ে ১০ জনের দল। প্রথমার্ধে মিডফিল্ডার মেহেদি হাসান (উজ্জ্বল) তিনটি সহজ সুযোগ হাতছাড়া করেছেন। ইব্রাহিম, এনামুলও কম যাননি, শেষ মিনিটে ইব্রাহিম গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। সুযোগ পেয়ে গোল করতে পারেনি হাসুসও। তবে ম্যাচে প্রাধান্য ছিল আবাহনীরই।দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নামা প্রবল বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছে খেলার। শেষ দিকে ঝড়ে উল্টে যায় দুই টেন্ট। প্রবল বৃষ্টিতে খেলাই অসম্ভব হয়ে পড়েছিল। তবে আবাহনীর দাবি, বৃষ্টির মধ্যে মিনিট পাঁচেক কম খেলিয়েছেন তুর্কমেনিস্তানের রেফারি। ভারতীয় সহকারী রেফারির কিছু সিদ্ধান্ত গেছে আবাহনীর বিপক্ষে। তবে এসব অজুহাত হতে পারে না, দুর্বল হাসুসের বিপক্ষে গোল করতে না পারা আবাহনীর জন্য বড় ব্যর্থতাই।