বড় দল হওয়ার পথে এক ধাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় দলের বিপক্ষে আমাদের জয় এখন আর নতুন ঘটনা নয়; নিউজিল্যান্ডের বিপক্ষেই এই নিয়ে তৃতীয় ম্যাচ জিতলাম। কিন্তু ব্যাটে-বলে বড় কোনো দলকে এ রকম উড়িয়ে দেওয়া জয় বোধ হয় এটিই প্রথম।দুর্ভাগ্য, মাঠে থেকে এই জয়ের অংশ হতে পারিনি। তবে ড্রেসিংরুমে বসে এই বিজয় দেখার সৌভাগ্য হয়েছে আমার। ড্রেসিংরুমে আনন্দ হয়েছে। কিন্তু বাঁধভাঙা উল্লাস বলতে যা বোঝায়, তা হয়নি। আমি তো মনে করি, সে রকম উল্লাস করার মতো কিছু ঘটেওনি। কারণ এখন আমাদের সময় এসেছে, যেকোনো জয়কে স্বাভাবিকভাবে নেওয়ার।নিউজিল্যান্ডের বিপক্ষে এই দুটি জয়ের তাৎপর্য বাড়িয়ে দিচ্ছে আমার, তামিম বা আশরাফুলের অনুপস্থিতি। আমরা তিনজন এখানে খেলতে পারিনি, তার পরও দলের কোনো বিভাগের পারফরম্যান্সে মনে হয়নি, আমরা নেই। এটাই আসলে বড় দলের লক্ষণ।বড় দলগুলো কখনো কোনো খেলোয়াড়ের জন্য বসে থাকে না। আমাদের দলটাও যেহেতু সেভাবে পারফর্ম করছে, তাই নিশ্চিত করে বলা যায় আমরা ‘বড় দল’ হওয়ার পথেই আছি।গতকালকের ম্যাচে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার নিশ্চয়ই শুভর বোলিং। শুভ ভালো বোলিং করে, এটা আমরা জানি। অনুশীলনেও দারুণ বল করেছে। কিন্তু এত ভালো বোলিং তো মুরালির কাছ থেকেও আশা করা কঠিন!১০ ওভারে ৩ উইকেট নিল, রান দিল মাত্র ১৪! ওর এই বোলিং আমার কেমন যেন বিশ্বাসই হচ্ছে না। শুভকে ঘুরিয়ে-ফিরিয়ে একেবারে উপযুক্ত সময়গুলোয় বোলিং করানোর জন্য সাকিব নিশ্চয়ই কৃতিত্ব পাবে। সাকিব আসলে পুরো সময়টাই দারুণ ক্যাপ্টেন্সি করেছে। বোলিংয়ে শফিউলকে কৃতিত্ব দিতে হবে শুরুর ধাক্কাটা দেওয়ার জন্য। টসে জিতে ফিল্ডিং নেওয়ার পর শুরুতেই ওদের এক ওপেনারকে অন্তত না ফেরাতে পারলে সিদ্ধান্ত বুমেরাং হয়ে যেতে পারত।আমাদের তিন বাঁহাতি স্পিনারই ভালো করেছে। সাকিবের বোলিংয়ে যথারীতি ছিল বুদ্ধির ছাপ। রাজ্জাকের বোলিং ফিগার দেখে ওর পারফরম্যান্সটা ঠিক বোঝা যাবে না। এমন একটা সময়ে বল করেছে, যখন ওভারপ্রতি ৫ রানের কমে ওদের আটকে রাখাটাই কঠিন ব্যাপার ছিল।আসলে বোলিং আমাদের ম্যাচটা অর্ধেকেরও বেশি জিতিয়ে দিয়েছে। তবে এর পরও বিপদ হতে পারত। এ রকম লো-স্কোরিং ম্যাচে নেতিবাচক ব্যাটিং করলে বিপদের আশঙ্কা থাকে। সেটা কাল হয়নি নাফীস ও ইমরুলের জন্য। নাফীসের ব্যাপারে আমি আগেই বলেছি, ওর রান পাওয়াটা স্রেফ সময়ের ব্যাপার। সেটা দুই ম্যাচেই ও প্রমাণ করেছে। ইমরুল তো রানের মধ্যেই ছিল। সব মিলিয়ে বড় ব্যাপার, দুজনই ইতিবাচক খেলেছে।এই যে বোলিংয়ে দারুণ দাপট দেখানো, ইতিবাচক ব্যাটিং; এসব কিছু মিলিয়ে আবারও বলি, আমরা এখন বড় দল হওয়ার পথে।