লম্বা বিরতির ফাঁদে পড়ে ঘরোয়া ফুটবল প্রায়ই থমকে যাচ্ছে। এতে মানুষ ভুলতেই বসেছে দেশে ঘরোয়া ফুটবল বলে কিছু আছে। জাতীয় দলের এএফসি চ্যালেঞ্জ কাপের কারণে গত ২০ ফ্রেব্রুয়ারি বন্ধ হয়ে যায় জমে ওঠা প্রিমিয়ার লিগ। সেটির না হয় একটা যুক্তি ছিল। কিন্তু জাতীয় দল কাঠমান্ডু থেকে ফিরেছে ৭ মার্চ। বড় দলগুলো মাঠে নামছে কিনা আরও দশ দিন পর। মানে আজ!১২ দল নিয়ে আজ শুরু তৃতীয় স্বাধীনতা কাপের চূড়ান্ত পর্ব। ১ এপ্রিল ফাইনাল। এখন ‘হরতাল-মৌসুম’ চলছে। কাল ও পরশু হরতাল হলে একটা লেজেগোবরে অবস্থা তৈরি হবে। সামনে আরও হরতাল আসতে পারে। সে ক্ষেত্রে নাকি সকালবেলাও খেলা চালানোর প্রস্তুতি আছে বাফুফের! অশান্ত রাজনৈতিক পরিস্থিতির ওপর বাফুফের হাত নেই। অকাট্য যুক্তি। তবে বাফুফের মধ্যে ঢিলেঢালা চলার মানসিকতা আজও রয়েই গেছে। কাজী সালাউদ্দিন দৌড়ঝাঁপ করে টাকা-পয়সা আনছেন ফুটবলের জন্য। কিন্তু সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা একটা টুর্নামেন্ট সময়মতো শুরু ও শেষ করতে পারেন না। ফিকশ্চার অন্তত কয়েকবার বদলাবেই। এটা পরিণত হয় তামাশায়। সকাল-বিকাল পরিকল্পনা বদলায়। সবচেয়ে বড় কথা, ভরা মৌসুমেও অনর্থক খেলা দেরিতে শুরু করার একটা রোগ দেখা যাচ্ছে।জাতীয় দল ফেরার দুই দিন পরই কেন মাঠে নামবে না স্বাধীনতা কাপের চূড়ান্ত পর্ব? বাছাই পর্বটা কেন আরও আগে করা হলো না? এসবই জোরালো প্রশ্ন। তার পরও এমনই হয়ে আসছে। ২০০৫ সালে প্রথম হওয়া স্বাধীনতা কাপের দ্বিতীয় আসরটি হয়েছে কিনা ২০১১ সালে! গত বছর তো হয়ইনি। ক্লাবগুলো নির্বিকার। এক মাস বসে থাকলেও কিছু বলে না তারা। দর্শক জানেই না কবে কোন খেলা। খেলা শুরুর পর দেখা যায়, এক দিনে তিনটি ম্যাচ! হেলায় সময় নষ্ট করে যেন ট্রেন ধরার তাড়া!আজই যেমন বঙ্গবন্ধু স্টেডিয়ামে তিনটি ম্যাচ—স্বাধীনতা কাপের গতবারের চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ খেলবে আবাহনীর সঙ্গে। এরপর মোহামেডান-নৌবাহিনী এবং শেখ জামাল-ফেনী সকার ম্যাচ।