বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় গতকাল শুক্রবার বড় দলগুলোর সবাই জয় পেয়েছে। ব্যতিক্রম কেবল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দুর্বল মলদোভাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। এ ছাড়া জার্মানি ৩-০ গোলে ফারাও আইল্যান্ডকে, পর্তুগাল ২-১ গোলে লুক্সেমবার্গকে, ফ্রান্স ১-০ গোলে ফিনল্যান্ডকে, হল্যান্ড একই ব্যবধানে তুরস্ককে এবং বেলজিয়াম ২-০ গোলে ওয়েলসকে হারায়। বুলগেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে ইতালি। ইংল্যান্ডের বড় জয়ে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অবদান দুই গোল। এ ছাড়া জার্মেই ডিফো, জেমস মিলার ও লেইটন বেইন্স প্রত্যেকে একটি করে গোল করেন। ফারাও আইল্যান্ডের বিপক্ষে জার্মানির জয়ে দুটি গোল করেন মেসুত ওজিল। মারিও গোতসে করেন একটি গোল।লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচে পিছিয়ে পড়েছিল পর্তুগাল। খেলার মাত্র ১৩ মিনিটে গোল করে বসে ড্যানিয়েল মোতা। তবে এর ১৫ মিনিট পর পর্তুগালকে সমতায় ফেরান উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। খেলার ৫৪ মিনিটে এলদের পস্তিগার গোলটি পর্তুগিজদের জয় নির্ধারণ করে দেয়।লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচের ২০ মিনিটে গোল করেন ফ্রান্সের আবু দিয়াবি। খেলার বাকি সময় গোলের দেখা পায়নি কোনো দলই। ওয়েলসের বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে ভ্যানসঁ কোম্পানির গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ৮৩ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন ইয়ান ভারতোম্যান। খারাপ সময় অতিবাহিত করা হল্যান্ডের একমাত্র গোলটি করেন রবিন ফন পার্সি। বুলগেরিয়ার সঙ্গে ড্রয়ের ম্যাচে ইতালির হয়ে দুটি গোলই করেন পাবলো ওজবাউদু। খেলার ৩০ মিনিটে স্ত্যানিসলাভের গোলে এগিয়ে যায় বুলগেরিয়া। তবে পরপর দুটি গোল করে ইতালিকে এগিয়ে দেন ওজবাউদু। ৬৬ মিনিটে ইতালির জালে বল জড়িয়ে খেলায় সমতা আনেন বুলগেরিয়ার গিওর্গি । রয়টার্স, ফিফা ডটকম, গোল ডটকম।