বড় দলগুলোর তারুণ্য-দীপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলারদের এই সময়ে একেবারেই দম ফেলার ফুরসত নেই। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ শেষ করেই লিগ কাপে খেলতে নামতে হলো বড় দলগুলোকে। তবে এই ম্যাচগুলো কোচদের জন্য আদপে পরীক্ষা-নিরীক্ষার উপলক্ষই। টানা খেলার ধকল থেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের রেহাই তো দিতে হবে! সে জন্য বেশির ভাগ কোচই বাজিয়ে দেখেছেন তরুণ তুর্কিদের, আর এই উঠতি তারকারাও দেখিয়েছেন ভরসা তাঁদের ওপর করাই যায়। জয় পেয়েছে বড় দলগুলোর প্রায় সবগুলোই। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হয়েছিল নিউক্যাসলের। সপ্তাহ তিনেক পর চোট কাটিয়ে আবার মাঠে ফিরেছেন ওয়েইন রুনি। সামনের রোববারেই টটেনহামের সঙ্গে কঠিন ম্যাচ, রুনির জন্য তাই ছিল নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ। তবে গোলের দেখা পাননি, রুনিকে ম্লান করে মঞ্চটা কেড়ে নিয়েছেন ক্লেভারলি-অ্যান্ডারসন। অ্যালেক্স ফার্গুসনও এই ম্যাচে মাঠে নামিয়েছিলেন বেশ কয়েকজন তরুণকে। নিরাশ করেননি তাঁরা, অ্যান্ডারসন তো করেছেন দুর্দান্ত এক গোল। আর টম ক্লেভারলি লাল জার্সি গায়েই করেছেন নিজের প্রথম গোল। নিউক্যাসল সিসের গোলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও শেষমেশ হেরেছে ২-১ গোলে। চতুর্থ রাউন্ডে ইউনাইটেডকে দিতে হবে অগ্নিপরীক্ষাই, প্রতিপক্ষ যে চেলসি! প্রিমিয়ার লিগে লিভারপুলের অবস্থা বড়ই সঙ্গিন। তবে ওয়েস্ট ব্রমকে লিগ কাপে ২-১-এ হারিয়ে ব্রেন্ডন রজার্সের কপালের ভাঁজটা হয়তো একটু হলেও কমেছে। রজার্স বিশ্রাম দিয়েছিলেন অভিজ্ঞদের, ইউনাইটেডের ম্যাচের কেউই খেলেননি গত বুধবার। তরুণেরা বিমুখ করেননি কোচকে, দুই গোল করেছেন রিয়াল থেকে ধারে আসা নুরি সাহিন। রজার্সও এতে খুশি, ‘খুব একটা বিস্মিত নই আমি, কারণ আমাদের পারফরম্যান্সের মান মৌসুমজুড়ে ভালোই ছিল। ছেলেদের এ রকম আত্মবিশ্বাস নিয়ে খেলতে দেখাটা দারুণ ব্যাপার। জয়টা আমাদের প্রাপ্যই ছিল।’ প্রথম বিভাগের দল কভেন্ট্রিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। অলিভিয়ে জিরু আর্সেনালের হয়ে নিজের গোলখরাও কাটিয়েছেন। জিতেছে গানারদের নগরপ্রতিদ্বন্দ্বী টটেনহামও, কার্লাইলকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। এএফপি।