বড় দায়িত্বে চ্যাপেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবিটা ছিল অনেক দিন থেকেই। গত অ্যাশেজে হারের পর থেকে আরও জোরেশোরে উঠেছে অস্ট্রেলিয়ায় পূর্ণকালীন নির্বাচক নিয়োগ দেওয়ার দাবিটা। অবশেষে একজন পূর্ণকালীন ক্রিকেট নির্বাচক নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং বেছে নিয়েছে সম্ভবত সবচেয়ে যোগ্য লোকটিকেই। অস্ট্রেলিয়ার ‘সেন্টার অব এক্সেলেন্সের প্রধান কোচ, অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ব্যাটসম্যানদের অন্যতম গ্রেগ চ্যাপেল। উঠতি প্রতিভাদের তাঁরই সবচেয়ে ভালো চেনার কথা। অস্ট্রেলিয়ার প্রথম পূর্ণকালীন নির্বাচক হিসেবে চ্যাপেলদের মেজো ভাইয়ের মূল কাজও এটাই—নতুন প্রতিভাদের তুলে আনা। এএফপি, ওয়েবসাইট।শুধু শীর্ষ টেস্ট খেলুড়ে দেশগুলোর একটিই নয়, খেলাটায় পেশাদারি আনতেও অগ্রণী ভূমিকা রেখেছে অস্ট্রেলিয়া। অথচ তাদেরই কিনা কখনো কোনো পূর্ণকালীন নির্বাচক ছিল না! নির্বাচক কমিটির প্রধান অ্যান্ড্রু হিলডিচ আইন ব্যবসায় জড়িত, জেমি কক্স ও ডেভিড বুন জাতীয় দলের নির্বাচকের পাশাপাশি প্রাদেশিক ক্রিকেট বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আরেক নির্বাচক মার্ভ হিউজের ট্যুর এজেন্সি নিয়ে তো অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম, ক্রিকেট-মহলে হাসাহাসি, ব্যঙ্গ-বিদ্রূপ হয়েছে অনেকবার।চ্যাপেল নির্বাচক হচ্ছেন ‘সেন্টার অব এক্সেলেন্সের’ প্রধান কোচের দায়িত্ব ছেড়ে। প্রধান নির্বাচকের দায়িত্বে হিলডিচই থাকছেন, চ্যাপেলের নিয়োগে তাই কক্স, বুন অথবা হিউজের একজনকে অব্যাহতি দেওয়া হবে।অস্ট্রেলিয়ার হয়ে ৮৭টি টেস্ট খেলেছেন চ্যাপেল, অধিনায়কত্ব করেছেন ৪৮টিতে। ওয়ানডে খেলেছেন ৭৪টি। এর আগে ১৯৮৮ সালেও একবার নির্বাচক হয়েছিলেন, তবে কিছুদিন পরই দায়িত্ব ছেড়ে দিয়ে ধারাভাষ্যকার হয়েছিলেন। পরে কোচিং করিয়েছেন দক্ষিণ অস্ট্রেলিয়া, ভারত, অস্ট্রেলিয়া ‘এ’ ও সর্বশেষ সেন্টার অব এক্সেলেন্সে। একাডেমির কোচ হিসেবে কাজের অভিজ্ঞতার জন্যই নতুন দায়িত্ব নিয়ে দারুণ রোমাঞ্চিত চ্যাপেল। জানালেন এই দায়িত্ব নেওয়ার জন্য তিনি উন্মুখ, ‘নতুন ভূমিকার চ্যালেঞ্জ নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। প্রতিভাবানদের খুঁজে বের করার দিক থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ। সেন্টার অব এক্সেলেন্সের কোচের দায়িত্ব আমি উপভোগ করেছি। নতুন প্রতিভাদের নিয়ে কাজ করাটা তাই আমার জন্য অনেক সহজ হবে।’এমন একটা সময় চ্যাপেল দায়িত্ব নিলেন, যখন ওয়ার্ন, ম্যাকগ্রা, হেইডেন, ল্যাঙ্গার, গিলক্রিস্টদের বিদায়ের পর অস্ট্রেলিয়ার ক্রিকেট আরেকটি পালাবদলের সামনে দাঁড়িয়ে। পঁয়ত্রিশোর্ধ্ব রিকি পন্টিং, সাইমন ক্যাটিচ, মাইক হাসিরা শুনতে পাচ্ছেন শেষের ডাক। চ্যাপেল অবশ্য জানিয়েছেন বয়স দিয়ে যোগ্যতা যাচাই করা তাঁর দর্শন নয়, ‘অস্ট্রেলিয়ার হয়ে খেলতে হলে সেটা যোগ্যতা দিয়েই অর্জন করতে হবে। পুরো নির্বাচক প্যানেলই এ ব্যাপারটা জানে এবং এটি মাথায় রেখেই সামনের দিনগুলোয় কাজ করবে। কাউকে বাইরে ঠেলে দেওয়ার কোনো তাড়া নেই।’পূর্ণকালীন একজন নির্বাচক নিয়োগ দেওয়ার পরও অবশ্য বিতর্ক থেকেই যাচ্ছে। প্রধান নির্বাচক হিসেবে তো থেকেই যাচ্ছেন সেই ‘আইনজীবী’ হিলডিচ! সময়ই বলবে চ্যাপেলের নিয়োগ কতটা ফলপ্রসূ হয়।