বড় দিগন্তে উড়তে চান এনামুল
দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, অন্যতম সেরা উইকেটকিপার। দুটো একসঙ্গে মেলালে ‘অন্যতম’টুকুও বাদ—দেশসেরা উইকেটকিপার ব্যাটসম্যান। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব। এত কিছু সামলে আবার বিশ্ববিদ্যালয় থেকে করেছেন মাস্টার্স। একজন মুশফিকুর রহিম হওয়া সহজ কম্ম নয়! তবে এই মুশফিককেও ছাড়িয়ে যেতে চান একজন। ক্রিকেটের ভুবনে যেমন, তেমনি শিক্ষার দিগন্তেও। এনামুল হক (বিজয়) চান উচ্চশিক্ষায় দেশের বাইরে থেকে ডিগ্রি নিতে!এমনিতে মুশফিক ও এনামুলের মধ্যে মিলের মিছিল। দুজনই বিকেএসপির, দুজনই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে, দুজনই উইকেটকিপার-ব্যাটসম্যান, কিন্তু জাতীয় দলে দুজনেরই অভিষেক স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। ক্রিকেটার মুশফিকের কাছাকাছি পৌঁছাতে এখনো পাড়ি দিতে হবে বেশ খানিকটা পথ, তবে শুরুটায় ইঙ্গিত যথেষ্টই আছে। এনামুলের জন্য বরং অনেক বেশি কঠিন ‘মুশফিকুর রহিম এমএ’-কে পেছনে ফেলা। এখানে গন্তব্য যে আরও বেশি দূর, পথ আরও বন্ধুর! এবারই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এনামুল। মার্চের শ্রীলঙ্কা সফর থেকে ফিরে মাঝে একদিন সময় পেয়েছিলেন, পরদিনই ছুটতে হয়েছে পরীক্ষার হলে। হারারের বাউন্সি বা বুলাওয়ের বদলে যাওয়া উইকেটে যখন মুশফিক-সাকিবদের পরীক্ষা নিচ্ছেন জারভিসরা, এনামুল তখন পরীক্ষার খাতায় মন দিয়ে লিখছেন পৌরনীতি-অর্থনীতির নানা সংজ্ঞা আর তত্ত্বের ব্যাখ্যা। ধৈর্যের একটা পরীক্ষাও হয়ে গেছে, প্রায় দুই মাস ধরে পরীক্ষা চলল, অস্থির লাগত মাঝেমধ্যে।পরীক্ষার ফাঁকেও জিম্বাবুয়েতে দলের প্রতিটি ম্যাচ দেখেছেন। দলের বাজে পারফরম্যান্সে খানিকটা অপরাধীও লেগেছে নিজের কাছে। নিজের কাছে প্রশ্ন করেই আবার পেয়েছেন উত্তর, ‘জিম্বাবুয়েতে আমরা কখনোই খুব একটা ভালো করতে পারিনি। তার পরও এমন গুরুত্বপূর্ণ একটা সফর মিস করেছি শুধু পড়াশোনাকে গুরুত্ব দিচ্ছি বলেই। আমাদের অধিনায়ক মুশফিক ভাই, অমি ভাই, রিয়াদ ভাই, আবীর ভাই, নির্বাচক সুমন ভাইরা বেশ শিক্ষিত, বোর্ডের অনেকেই অনেক শিক্ষিত। আমিও আশা করি, ভালো কোনো বিশ্বদ্যািলয় থেকে মাস্টার্স করব, ইচ্ছা আছে বাইরে থেকে কোনো ডিগ্রি আনার।’পরমুহূর্তেই বুঝি মনে পড়ল, একজন পেশাদার ক্রীড়াবিদের জন্য কাজটা কতটা কঠিন, ‘সেটা অবশ্য এখনো অনেক দূরের পথ। মাত্র ইন্টার পরীক্ষা দিলাম, ভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে ভর্তি হতে পারি কি না...মাস্টার্স করতে পারি কি না আগে দেখা যাক। ওই পর্যন্ত যেতে পারলে চেষ্টা করব আরও এগিয়ে যেতে।’ ইচ্ছাশক্তির কমতি নেই। ক্রিকেটের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে প্রায়ই কথা বলেন মুশফিক, শাহরিয়ারদের সঙ্গে। তাঁদের কাছ থেকেই জেনেছেন, দেশের হয়ে খেললে অনেক সহায়তা পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে। নিয়মিত ক্লাস না করলেও চলে, প্রয়োজনে পরীক্ষা পরে নেওয়ার ব্যবস্থাও করা হয়। এসব শুনে বেড়ে গেছে সাহসের সীমানা।সহজাত প্রতিভা ক্রিকেটে, তবে পড়াশোনার ‘মাথাও’ খারাপ নয়। ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলেন, কুষ্টিয়া জেলা স্কুলে ভর্তি পরীক্ষাতেও ছিলেন প্রথম দিকে। বিকেএসপিতে আসার পর স্বাভাবিকভাবেই পাঠ্যবইয়ের আগে চলে আসে ক্রিকেট শিক্ষা। তবে ক্রিকেটের প্রবল জোয়ারেও পড়াশোনায় ভাটা পড়েনি। ২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে রাতে দেশে ফিরে পরদিনই ছুটেছেন এসএসসি পরীক্ষা দিতে, তার পরও পেয়েছিলেন ‘এ’ মাইনাস।উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্নের পেছনে পড়াশোনার প্রতি ভালোলাগা যেমন আছে, তেমনি আছে বাস্তব চিন্তাও। সামজিক সম্মানের ব্যাপার যেমন আছে, তেমনি আছে ভবিষ্যৎ ভাবনাও, ‘শিক্ষিত ক্রিকেটারদের কথা অনেক শুনেছি। সাঈদ আনোয়ার আর ইনজামাম-উল-হক দুজনই গ্রেট ক্রিকেটার। কিন্তু সাঈদ আনোয়ার ইঞ্জিনিয়ার বলে তাঁর প্রতি শ্রদ্ধাবোধটা বেশি। সাঙ্গাকারা আছেন, অনিল কুম্বলে এখন এত বড় দায়িত্বে (আইসিসি ক্রিকেট কমিটির প্রধান) শিক্ষার জন্যই। ক্রিকেট তো একসময় ছাড়তে হবে, সারা জীবন খেলতে পারব না, ভবিষ্যৎ ক্যারিয়ারের কথা ভাবতে হবে...খেলা ছাড়ার পর কী করব জানি না, তবে বিকল্প বেশি থাকলে মন্দ কি! তা ছাড়া শিক্ষিত মানুষকে সবাই পছন্দ করে।’এইচএসসি পরীক্ষা যেদিন শেষ হলো, সেদিন বিকেলেই গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে পেলেন বর্ষসেরা উদীয়মানের পুরস্কার। ব্যাপারটা হয়ে উঠল যেন প্রতীকী, ক্রিকেটে তিনি উদীয়মান তারা, শিক্ষার বাহনে সম্ভাবনাময় যাত্রী। কিন্তু যদি এইচএসসির ফলাফল ভালো না হয়? ‘হাল ছাড়ার প্রশ্নই ওঠে না, আমি লেগে থাকব।’এমনই এনামুলের জেদ। ক্রিকেট আর পড়াশোনা এখানে একাকার—একদিন র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান যেমন হতে চান, তেমনি চান শিক্ষাতেও সর্বোচ্চ ডিগ্রি নিতে।