বড় দেরিতে ঘুম ভাঙল ইউনাইটেডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনির জোড় গোলে জিতল ইউনাইটেড। ছবি: রয়টার্স
রুনির জোড় গোলে জিতল ইউনাইটেড। ছবি: রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে ডেভিড ময়েসের অভিষেকটা হয়েছিল দারুণ। ওই ম্যাচে সোয়ান সিটিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর... একটা দীর্ঘশ্বাসই ফেলতে হবে ইউনাইটেড সমর্থকদের। ময়েসের অধীনে দলটির যে কি হতশ্রী দশা, পয়েন্ট টেবিল দেখলেই বোঝা যায়। এ দুরবস্থার মধ্যেই একটি সুখবর অন্তত পেল সমর্থকেরা, অ্যাস্টনভিলাকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ময়েসের দল।
ম্যাচের ১৩ মিনিটেই রেড ডেভিলদের বুক কাঁপিয়ে দিয়েছিলেন অ্যাশলি ওয়েস্টউড। তবে ওয়েইন রুনি আজ সব সমালোচনা মাটিচাপা দিতেই যেন মাঠে নেমেছিলেন। ২০ মিনিটেই দলকে সমতায় ফেরালেন। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে পেনাল্টি পায় ইউনাইটেড। পেনাল্টি থেকে গোল আদায়ে এতটুকু ভুল হয়নি রুনির। দ্বিতীয়ার্ধে গোলের ধারা বজায় রাখতে এগিয়ে এলেন হুয়ান মাতা। ৫৭ মিনিটে স্কোরলাইন করে নিলেন ৩-১। ম্যাচের অতিরিক্ত সময়ে গোলের ব্যবধান বাড়িয়ে নেন হাভিয়ের হার্নান্দেজ। চূড়ান্ত স্কোরলাইন ইউনাইটেড ৪:১ অ্যাস্টনভিলা।
এ জয়েও পয়েন্ট টেবিলে ময়েসের দলের অবস্থানে কোনো হেরফের হয়নি। ৩২ ম্যাচে ৫৪ পয়েন্টে অবস্থান সাতেই। লিগ-শিরোপার স্বপ্ন একরকম শেষই বলা যায়। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর এমন বাজে মৌসুম আর কখনো কাটাতে হয়নি রেড ডেভিলদের।