
ঘরের মাঠে বিশ্ব হকি লিগের ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু ফাইনাল দূরে থাক, সেমিফাইনালেই ওঠা হয়নি জিমিদের। কোয়ার্টার ফাইনালে মিসরের কাছে ৫-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে সেই হারের হতাশা কাটিয়ে অবশেষে জ্বলে উঠল জিমিদের স্টিক। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আজ শেষ ম্যাচে পঞ্চম স্থানের জন্য লড়বে ঘানার সঙ্গে। প্রতিযোগিতার ফাইনালে উঠেছে মালয়েশিয়া ও চীন। সেমিফাইনালে মালয়েশিয়া ৫-০ গোলে হারিয়েছে মিসরকে। অন্য সেমিফাইনালে চীন ৫-১ গোলে জিতেছে ওমানের বিপক্ষে।
শুরু থেকেই বাংলাদেশ কাল দুর্দান্ত খেলেছে। ম্যাচের প্রথম মিনিটেই মামুনুর রহমান চয়নের পেনাল্টি কর্নারে (পিসি) এগিয়ে যায় বাংলাদেশ। ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিলন হোসেন। ২৪ মিনিটে পিসি থেকে আবারও গোল করেন চয়ন। ৩২ মিনিটে মিলনের স্টিকে স্কোরলাইন ৪-০ করে বাংলাদেশ। ৪৬, ৫৬ ও ৬৯ মিনিটে গোল করেন কৌশিক, জিমি ও মিলন। ৫০ ও ৫৮ মিনিটে দুটি গোল করেছেন আরশাদ।