বড় পরিসরে শেখ কামালকে স্মরণ
প্রয়াত শেখ কামাল শুধু আবাহনীর প্রতিষ্ঠাতাই ছিলেন না, স্বাধীনতার পর গোটা ক্রীড়াঙ্গন পুনর্গঠনেই রেখে গেছেন বড় অবদান। কিন্তু এত দিন শুধু আবাহনী ক্লাবই তাঁর স্মরণে অনুষ্ঠান আয়োজন করত। এই প্রথম ক্রীড়াঙ্গনে বড় পরিসরে শেখ কামাল স্মরণ অনুষ্ঠান করা হচ্ছে তাঁর ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে।
সম্মিলিত ক্রীড়া পরিবারের উদ্যোগে আগামীকাল বিকেল চারটায় অনুষ্ঠানটি হবে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে। গতকাল এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন শেখ কামালের বন্ধু, আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ। জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে শেখ কামালের বন্ধুরা উপস্থিত থাকবেন। শেখ কামালের ওপর চিত্র প্রদর্শনী এবং প্রামাণ্যচিত্রও থাকবে। বর্তমান খেলোয়াড়দের কাছে ক্রীড়া অন্তঃপ্রাণ শেখ কামালকে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা। আগামী বছর থেকে এই আয়োজনের কলেবর আরও বাড়ানোর কথা বলা হয়েছে।
কাল সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা ও ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পল্টু, সাবেক ফুটবল তারকা দেওয়ান শফিউল আরেফিন টুটুল, ক্রীড়া সংগঠক ফজলুর রহমান বাবুল প্রমুখ।