বড় পাঠানের দুঃসময়
ভগ্নশক্তির ভারতের কাছেও টি-টোয়েন্টি আর প্রথম দুই ওয়ানডেতে পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। সুরেশ রায়নার নেতৃত্বে তরুণ ক্রিকেটাররা বুঝিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের গভীরতা কতটুকু। অথচ এর মধ্যেও নিজেকে হারিয়ে খুঁজছেন একজন! বিশ্বকাপ ও আইপিএলে ব্যর্থতার পর কালকের ম্যাচের আগ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরেও ব্যর্থ ইউসুফ পাঠান।খুব বেশি দিন হয়নি, বড় পাঠানকে মনে করা হচ্ছিল ভারতের দীর্ঘদিনের এক সমস্যার সমাধান। দলীয় সমন্বয়ের জন্য অনেক দিন ধরেই সাত নম্বরে একজন কার্যকর অলরাউন্ডার খুঁজে আসছিল ভারত। বিশ্বকাপের আগে ভারতের হয়ে যেন আশীর্বাদ হয়ে এলেন ইউসুফ। গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রায় হাতের মুঠো থেকে বেরিয়ে যাওয়া এক জয় ছিনিয়ে আনলেন ৯৬ বলে অপরাজিত ১২৩ রান করে। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে পঞ্চম ওয়ানডেতেও এনে দিচ্ছিলেন অবিশ্বাস্য এক জয় (৭০ বলে ১০৫)। বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে দলকে দিচ্ছিলেন ব্রেক থ্রু। মনে হলো, ভারতের অলরাউন্ডার খোঁজার পালা এবার বুঝি শেষ হলো।কিন্তু পাঠানের সুসময় থাকল অল্প কটা দিন মাত্র। বিশ্বকাপ থেকেই রান আর উইকেট-খরা। কালকের আগ পর্যন্ত সর্বশেষ ৮ ইনিংসে রান ৮৪! সর্বশেষ ১০ ম্যাচে উইকেট মাত্র ৩টি! মাঝে আইপিএলেও হতাশ করেছেন। ২১ লাখ ডলারের তারকার কাছ থেকে কলকাতা নাইট রাইডার্স ১৫ ম্যাচে একটি ফিফটিও পায়নি। বল হাতে তুলনায় কিছুটা সফল ছিলেন, পেয়েছিলেন ১৩ উইকেট। ভগ্নশক্তির দল বলেই হয়তো চলতি সিরিজে একাদশে জায়গা টিকিয়ে রেখেছেন। সিরিজের বাকি ম্যাচগুলোয় ভালো না করলে হয়তো শুধু একাদশে নয়, স্কোয়াডেও জায়গা হারাতে হবে। তবে পাঠানের ফিরে আসা ভারতও কম করে চায় না। একজন অলরাউন্ডারের খোঁজে আবার নিশ্চয়ই দিশেহারা হতে চায় না তারা! ওয়েবসাইট।