বড় প্রাপ্তি কমলাপুরের মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের মাঠের দিকে কিছুদিন আগেও তাকানো যেত না। মাঠের অবস্থা এত খারাপ ছিল যে বড় বড় গর্ত, অসমতল, ঘাস নেই—ধু ধু বালুচর মনে হতো।সেই মাঠের দিকে এখন তাকিয়ে থাকবে যে কেউ। মাঠটা অনেক সমতল হয়েছে। ঘাসের সবুজ গালিচা না হোক, এর কাছাকাছি মানের একটা মাঠেই রূপ নিয়েছে কমলাপুর স্টেডিয়াম। বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই ভালো মাঠের সার্টিফিকেট মিলবে। ‘মাঠ খারাপ’—এই অজুহাত দেওয়ার সুযোগ নেই দলগুলোর।চলমান ফেডারেশন কাপে সবচেয়ে বড় প্রাপ্তি এই মাঠ। ভালো ফুটবলের জন্য ভালো মাঠ চাই বলে এত দিন হাহাকার ছিল। হাহাকার আর নেই।বিশেষ করে মাঠের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইয়াহিয়ার কাছে সবাই জানতে চান, কী করে সেই গোচারণভূমিটাকে এমন বদলে ফেললেন। ইয়াহিয়ার আন্তরিক চেষ্টা ছিল। পেছন থেকে এবার বাফুফেও তাগিদ দেখিয়েছে। বাফুফে কর্মকর্তা ফজলুর রহমান আন্তরিকভাবে চেষ্টা করেছেন। আগামীকাল ফেডারেশন কাপের ফাইনাল। মাঠ ভালো হওয়ায় ভালো ফাইনালই প্রত্যাশা। শুধু মাঠ নয়, এবার ঘরোয়া ফুটবল শুরু হয়েছে সবার মধ্যে একটা ইতিবাচক মানসিকতা ছড়িয়ে। আগের মতো নেতিবাচক ফুটবলের খোলসে নিজেকে বন্দী করে ফুটবলের ছবিটা নেই। ফুটবলাররা অভিভূত। জাতীয় দলের অধিনায়ক আমিনুল হকের চোখে সবচেয়ে বেশি লেগেছে, ‘প্রতিটি দলই উজ্জীবিত ফুটবল খেলেছে, যা আগে কমই দেখা যেত। সবার মধ্যেই দেখেছি ইতিবাচক মানসিকতা। ফেডারেশন কাপ থেকে এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’প্রাপ্তির তালিকায় সবকিছুর আগে মাঠকেই রাখছেন বিপ্লব ভট্টাচার্য। মুক্তিযোদ্ধার গোলরক্ষক বলছেন, ‘কমলাপুরে সুন্দর একটা মাঠ পেয়েছি আমরা। ফুটবলার হিসেবে এটা বড় আনন্দের খবর আমাদের জন্য। এই মাঠকে রক্ষণাবেক্ষণ করতে হবে। তাহলেই আমাদের মাঠের সমস্যার কিছুটা হলেও সমাধান হবে। এবার দেখলাম, সব খেলোয়াড়ই পারফর্ম করার চেষ্টা করেছে। এটা খুব ভালো লেগেছে।’মাঠ, ইতিবাচক মানসিকতার পাশে খারাপ দিকও আছে। ছোট মাঠ হওয়ায় গ্যালারি থেকে কিছু ছুড়লেই খেলোয়াড়-কর্মকর্তার গায়ে লাগে! নিরাপত্তাহীনতাই বড় প্রশ্ন। প্রেসবক্স নেই, করিডরে চেয়ার পেতে খেলা কাভার করতে হয় সাংবাদিকদের। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক জুয়েল রানা আলাদা করে একটা বিষয় দেখে খুশি, ‘মোহামেডান এবার দুর্বল দল। তার পরও তারা গোল খেয়ে ম্যাচে ফেরার মরণপণ চেষ্টা করে গেছে —আগে এমন অবস্থায় মাঠে গন্ডগোলই বেশি হতো।’দুই বিদেশি কোচের দুই দলই ফাইনালে উঠেছে। এর অর্থ, তাঁদের কৌশল এবং দল পরিচালনা অন্যদের চেয়ে ভালো ছিল। শেখ জামাল প্রত্যাশানুযায়ী খেলতে পারেনি। তবে মুক্তিযোদ্ধার খেলা নজর কেড়েছে প্রায় সবার।তা দেখে মোহামেডানের কোচ শফিকুল ইসলাম (মানিক) আশাবাদী, ‘প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট হচ্ছে। বাংলাদেশ লিগ জমবে এমন প্রত্যাশা করা যায়। পাশাপাশি কমলাপুর স্টেডিয়াম নিয়ে নেতিবাচক ধারণা বদলেছে এবার।’