বড় প্রাপ্তি বোলিং করতে পারা!
প্রচণ্ড গরমে একটু স্বস্তির হাওয়া যদি পাওয়া যায়, সেটা মাঠ লাগোয়া একাডেমি ভবনের করিডরে। প্র্যাকটিস শেষে ক্লান্ত শরীরে সেখানেই ছোটখাটো আড্ডা পেসারদের। ‘সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক ভালো না টুইটার’ থেকে শুরু করে ‘প্রিমিয়ার লিগে বিদেশি ক্রিকেটার বাড়ানো’ পর্যন্ত সবই ঘুরেফিরে এল তাতে। যে কারণে তাঁরা একসঙ্গে, এল জিওফ লসনের সেই ক্যাম্পের প্রসঙ্গও।জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০০৪ সালে। বয়স মাত্র ২৫ হলেও তালহা জুবায়ের এখন আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাত্যই হয়ে পড়েছেন। ওই একই বছর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা তারেক আজিজও তাই। আরেক পেসার তাপস বৈশ্য ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর আর আন্তর্জাতিক ক্রিকেটের ড্রেসিংরুম দেখেননি। ভুলে যাওয়া এই পেসারদের জন্য একাডেমির খণ্ডকালীন কোচ লসনের স্বল্পকালীন ক্যাম্প এল আশীর্বাদ হয়ে। সবার একটাই কথা—এই ক্যাম্প না হলে তো ঘরেই বসে থাকতাম!মাত্র ১২ দিনের ক্যাম্প বোলারদের বদলে দেবে ভাবাটা বাড়াবাড়ি। গত দুই দিনের অভিজ্ঞতায় পেসাররা বুঝেছেন, লসন সে চেষ্টা করছেনও না। ডলার মাহমুদের মাথা বল ডেলিভারির সময় এক দিকে একটু হেলে যায়, ওটা সোজা রাখতে বলছেন। তালহাকে পরামর্শ দিচ্ছেন, বল ছাড়ার আগের লাফটায় যেন আরেকটু উঁচুতে ওঠার চেষ্টা করেন। মোট কথা ‘ফাইন টিউনিং’ বলতে যেটা বোঝায়, লসন সেটাই করছেন। লসন নিজেও তাই বললেন, ‘অ্যাকশন বা অন্য কিছুতে আমি বড় কোনো পরিবর্তন আনব না। তবে তাদের বোলিং আরও নিখুঁত করতে কিছু নির্দিষ্ট বিষয়ে কাজ করব।’ এই পর্যায়ে এসে এসব পরামর্শ বোলাররা কতটা নিতে পারবেন কে জানে, তবে তাঁরা খুশি। খুশি, কারণ ক্যাম্পের সৌজন্যে অন্তত বোলিং করার সুযোগ তো হলো!সিলেট থেকে এসে হোটেলে থেকে ক্যাম্প করছেন তাপস। তাঁর সহজ-সরল কথা, ‘আর কিছু না হোক, বোলিং তো করতে পারছি। ফিট থাকার জন্য নিজেরা রানিং-জিম করি। কিন্তু এই সময়ে বাংলাদেশে আর কোনো জায়গা নেই, যেখানে গিয়ে আপনি একটা ওভার বল করতে পারবেন।’ তালহারও একই কথা, ‘কয়েক দিন হলো আমি, তারেক, ডলারসহ আরও কয়েকজন রানিং শুরু করেছি, জিমও করি। কিন্তু বোলিং প্র্যাকটিসের সুযোগ ছিল না। ক্যাম্পে এসে সেই কাজটা হচ্ছে। কিছু টিপসও পাচ্ছি।’পরশু ক্যাম্পের প্রথম দিন বোলারদের বোলিং ভিডিও করেছেন লসন। সেগুলো বিশ্লেষণ করে কার কী সমস্যা বলেছেন, বাতলে দিচ্ছেন সমাধানও। নিজের দুর্বলতা বুঝে কোচের কাছ থেকে সেটা কাটিয়ে ওঠার ব্যবস্থাপত্রও নিচ্ছেন অনেকে। তারেক আজিজ যেমন বললেন, ‘বলে আরও কিছু ভ্যারিয়েশন কীভাবে আনা যায়, সেটা নিয়ে কথা বলব। শুনেছি, একাডেমির বোলারদের উনি সুইং নিয়ে অনেক পরামর্শ দিয়েছেন। আমিও এ নিয়ে কথা বলব।’ লসনের সঙ্গে আলাদা করে কথা বলেছেন মাহবুবুল আলমও, ‘সুইং আর অ্যাকশন নিয়ে কথা বলেছি। উনি বলেছেন, হাতটা আরও সোজা নামালে বলের গতি বাড়বে।’লসনের ক্যাম্পের মধ্যেই চলছে ছোট আরেকটা ক্যাম্প। অ্যালান ক্যাম্পবেল ব্যাটিংয়ের পাশাপাশি টুকটাক উইকেটকিপিংয়েরও তালিম দিচ্ছেন ধীমান ঘোষ-মোহাম্মদ মিঠুনদের। তবে সেটা খুবই মৌলিক বিষয় বলেই জানালেন ধীমান, ‘তেমন কিছু না...উনি বলেছেন, অনেক সময় আমরা বল পিচ করার আগেই বসা থেকে উঠে যাই। ওটা ঠিক করতে হবে।’একাডেমির ক্রিকেটারদের সঙ্গে কাজ করার ফাঁকে লসন-ক্যাম্পবেলের বিশেষ ক্যাম্পটা তাপস-তারেকদের পরিবর্তে আরও তরুণ ক্রিকেটারদের নিয়ে করলে বেশি ভালো হতো বলে মনে করছেন কেউ কেউ। তাতে উঠে আসা ক্রিকেটাররাও নতুন কিছু জানত। তবে মাঠসংকট আর অপ্রতুল অনুশীলন-সুবিধার দেশে দুই অস্ট্রেলিয়ান কোচের আগমনটা যেন একাডেমি ভবনের সেই করিডর! জিম-রানিংয়ের ক্লান্তি থেকে বেরিয়ে যেখানে কিঞ্চিৎ বোলিং প্র্যাকটিসের স্বস্তি পাচ্ছেন তাপস-তালহা-মাহবুবুলরা।