বড় বিষম ভার
ঘরোয়া আড্ডা কিংবা চায়ের টেবিলের আলোচনা অথবা বাজিকরদের বাজি—সব জায়গাতেই একটি নাম আসছে সবার আগে। সে নাম স্পেনের। সাধারণ ফুটবলপ্রেমী থেকে শুরু করে ফুটবল পন্ডিত—এবারের বিশ্বকাপে সবার ফেবারিটের তালিকাতেই স্পেনের নামটি আসছে। বিশ্বকাপের চিরন্তন ফেবারিট ব্রাজিল আছে। ৪৪ বছর পর আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন চোখে আঁকা ইংল্যান্ডও আছে। কেউ কেউ জার্মানি, ইতালি ও ফ্রান্সের কথাও বলছে। তবু এবারের বিশ্বকাপের সবচেয়ে ফেবারিট স্পেনই। যে স্পেনের গায়ে এত দিন লেগে ছিল ‘বিশ্বকাপের কালো ঘোড়া’ তকমাটা।৪৪ বছর পর স্পেন আবার ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছে ২০০৮ সালে। বিশ্বকাপ বাছাইপর্বের সব কটি ম্যাচ জিতে উঠেছে তারা বিশ্বকাপের মূল মঞ্চে। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে ছুঁয়েছে ব্রাজিলের টানা অপরাজিত থাকার রেকর্ড। স্পেনের ফেবারিট হওয়ার কারণটা তো বোঝাই যায়।কিন্তু স্পেনের কোচ আর খেলোয়াড়রা কি এই তকমাটার ভার বইতে পারছে? ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে ফেবারিট হিসেবেই গিয়েছিল স্পেন। সেবার চাপ সামলে ঠিকই শিরোপা জিতেছে তারা। তবে এবারের মঞ্চটা আরও বড়, আবহটাও অন্যরকম। চাপ তো বেশি থাকবেই। সেই চাপের কথাই বললেন লিভারপুল স্ট্রাইকার ফার্নান্দো তোরেস, ‘এই ফেবারিট তকমাটা আমাদের পছন্দ নাও হতে পারে। কিন্তু এখন আমাদের এটা আছে এবং এটা মেনে নিতে হবে।’একসঙ্গে এক দল অসাধারণ খেলোয়াড় পেয়েছে স্পেন। এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার তোরেসের সঙ্গে জুটি বাঁধবেন ‘গোলমেশিন’ ডেভিড ভিয়া। পুরো দলকে এক সুতোয় বেঁধে দিতে মাঝমাঠে থাকবেন বার্সেলোনার জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তা। রক্ষণে আছেন সার্জিও রামোস, জেরার্ড পিকে আর কার্লোস পুয়োলের মতো প্রহরী। আর গোলবারে? এ সময়ের সেরা দুই গোলরক্ষকের একজন—ইকার ক্যাসিয়াস অথবা ভিক্টর ভালদেস। কী অসাধারণ একটা দল! এর পরও সবচেয়ে ফেবারিট তকমাটা একা বহন করতে চাইছে না স্পেন। তোরেস যেমন বললেন, ‘স্পেনে আমরা ভাবি, আমরাই বুঝি বিশ্বকাপের কেন্দ্রে আছি। আমরা মনে করি, হয়তো আমরাই ফেবারিট। আমি তো ইংল্যান্ডে থাকি, সেখানে ইংল্যান্ড ও স্পেন ফেবারিট। ব্রাজিলে ব্রাজিল ও স্পেন। আমরা এটা পছন্দ করি না, তবে এমনটা আবার লোকে বলবেই।’গত ইউরো চ্যাম্পিয়নশিপের সঙ্গে মেলালে স্পেনকে আরও অভিজ্ঞই বলতে হবে। গত ইউরোতে যে দলটি খেলেছিল, স্পেনের ঠিক সেই দলটিই বিশ্বকাপে খেলবে। পরিবর্তন বলতে শুধু কোচ, ইউরো জিতিয়েছিলেন লুই আরাগোনেস। আর এখন বিশ্বকাপে নিয়ে যাচ্ছেন ভিসেন্তে দেল বস্ক। বস্ক বিশ্বকাপে নতুন হতে পারেন, তবে যোগ্যতার প্রমাণ অনেক আগেই দিয়েছেন।তবু বিশ্বকাপ বলে কথা! বড় মঞ্চ, চাপটাও বেশি। কোচ দেল বস্ক মানুষের প্রত্যাশার চাপটা বুঝতে পারছেন, ‘স্পেনে সবাই ভাবছে, বিশ্বকাপ জয় ছাড়া অন্য যেকোনো কিছুই হবে ব্যর্থতা। আমার কাছে এটিকে বাড়াবাড়িই মনে হয়।’ এএফপি।