বড় ব্যবধানেই জিতল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের মধ্যেই টেস্ট শেষ। শ্রীলঙ্কা জিতল ২০৯ রানের বড় ব্যবধানে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৩৭২ রানের লিড নেওয়ার পরই অবশ্য এই টেস্টের জয়-পরাজয় একরকম নির্ধারিত হয়ে গিয়েছিল। গত পরশু তৃতীয় দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩৮ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর টেস্টটির পঞ্চম দিন দেখতে না পাওয়াও নিশ্চিত হয়ে যায়। কাল চতুর্থ দিনে চূড়ান্ত পরিণতিটাকে শুধু যতটা সম্ভব দেরি করিয়ে দিতে পেরেছেন ইউনুস খান ও আসাদ শফিক। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে রানের হিসাবে পাকিস্তানের সবচেয়ে বড় হারটাকে ঠেকাতে পারেননি। চতুর্থ ইনিংসে ব্যাট করাটা সব সময়ই উপভোগ করেন ইউনুস খান। আবারও তার প্রমাণ রেখে প্রথম পাকিস্তানি হিসেবে চতুর্থ ইনিংসে হাজার রান পেরোলেন কাল। তবে হলো না একটি বিশ্ব রেকর্ড। ১৩ রানের জন্য হতে পারলেন না চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হতে। তবে আরও চারজনের সঙ্গে চারটি সেঞ্চুরি করে যৌথভাবে সবার ওপরেই আছেন এই ডানহাতি। শূন্য রানে দিন শুরু করা ইউনুস দিনের দ্বিতীয় ওভারেই হারিয়েছিলেন সঙ্গী সাঈদ আজমলকে। এরপর আসাদ শফিককে নিয়ে গড়ে তুললেন প্রতিরোধ। প্রায় দুই সেশন ব্যাট করে গড়লেন গলে পঞ্চম উইকেট জুটিতে নতুন রেকর্ড (১৫১)। লঙ্কানদের অপেক্ষার অবসান হয় চা-বিরতির ছয় ওভার আগে। হেরাথের বলে মাহেলা জয়াবর্ধনের হাতে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার আগে শফিক করেন ৮০ রান। ২১২ রানে ইউনুসের বিদায়ের পর আদনান আকমলই যা একটু প্রতিরোধ গড়েছেন। ৪০ রান করে থেকেছেন অপরাজিত।পাকিস্তানের ইনিংস শেষ হয়েছে প্রথম ইনিংসের ঠিক তিন গুণ ৩০০ রানে। এক শর পর তিন শ এই প্রথম দেখল টেস্ট ক্রিকেট। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সেরা বোলার সুরাজ রণদিভ এই ইনিংসেও নিয়েছেন ৩ উইকেট। তবে ম্যাচসেরা ১ রানের জন্য ডাবল সেঞ্চুরিবঞ্চিত কুমার সাঙ্গাকারাই। ৩০ জুন থেকে কলম্বোয় শুরু হবে দ্বিতীয় টেস্ট। তথ্যসূত্র: এএফপি, ওয়েবসাইট।