বড় ভাইদের কাছে আফগানদের পরীক্ষা
প্রশ্নটা শুনে মোহাম্মদ নবীও যেন হঠাৎ উদাস হয়ে গেলেন। এক ঝটকায় হয়তো ফিরে এল পেশোয়ারে শরণার্থী শিবিরের দিনগুলোর স্মৃতি। টেনিস বলের ক্রিকেট আর ছেলেবেলার পাকিস্তানি বন্ধুদের কথা। খানিক পর নিজেকে সামলে নিয়ে আফগানিস্তান অধিনায়ক আবার পুরোপুরি পেশাদার। যে পাকিস্তানকে জড়িয়ে তাঁর এত স্মৃতি সেই পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে কিছুটা আবেগাপ্লুত কি না—এমন প্রশ্নে বেশ দৃঢ় কণ্ঠে জবাব, ‘আবেগ যেটা আছে সেটা মনে। মাঠে সেটার প্রভাব পড়বে না। এখানে ওরা আমাদের প্রতিপক্ষ।’
স্মৃতিটা আসলে শুধু তাঁর একার নয়, এশিয়া কাপের দলে থাকা আরও অনেক আফগান ক্রিকেটারের। আফগান যুদ্ধের দিনগুলোতে নবীর মতো পাকিস্তানে শরণার্থী শিবিরে শৈশব আর কৈশোর কেটেছে করিম সাদিক, নওরোজ মঙ্গলদেরও। পাকিস্তানি বন্ধুদের সঙ্গে খেলতে খেলতেই ওদের ক্রিকেটে হাতেখড়ি। আর শুধু ক্রিকেটারদের জীবনে কেন, আফগান ক্রিকেটেও কি পাকিস্তানের অবদান কম? যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেট দলকে নিজেদের দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছে সবার আগে, খেলার সুযোগ দিয়েছে ঘরোয়া লিগে, অনেক আফগান ক্রিকেটার প্রশিক্ষণ নিয়েছেন পেশোয়ারে সাবেক পাকিস্তানি ক্রিকেটার আরশাদ খানের একাডেমিতে। সব মিলিয়ে আফগানদের ক্রিকেট দীক্ষার প্রায় পুরোটাই পাকিস্তানের কাছে। সেই দীক্ষা কি আজ ফতুল্লায় ‘গুরু মারা বিদ্যা’ হিসেবে ফিরে আসবে পাকিস্তানের কাছে? মিরপুর একাডেমি মাঠে গতকাল অনুশীলন শেষে রসিকতার ছলে সেই হুমকিই তো দিলেন আফগান অধিনায়ক, ‘আমরা কতটুকু ক্রিকেট শিখেছি, সেটা ওদের দেখাতে হবে তো।’
পাকিস্তানের সঙ্গে ওয়ানডেতে অবশ্য এটাই প্রথম দেখা নয় আফগানিস্তানের। টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে এখন পর্যন্ত যে দুটি ওয়ানডে খেলেছে আফগানিস্তান তার প্রথমটিই পাকিস্তানের বিপক্ষে, ২০১২ সালের ফেব্রুয়ারিতে, শারজায়। একই মাঠে অন্য ওয়ানডেটি ওই বছরই অস্ট্রেলিয়ার সঙ্গে। তবে এই প্রথম কোনো টুর্নামেন্টে চারটি টেস্ট খেলুড়ে দলের সঙ্গে খেলবে আফগানিস্তান। এই অভিজ্ঞতাটা আফগানদের জন্য নতুন, তবে বাংলাদেশের মাঠে খেলার অভিজ্ঞতা অনেক আফগান ক্রিকেটারের কাছেই পুরোনো। নবীসহ বেশ কয়েকজন আফগান ক্রিকেটার খেলেছেন বিপিএল ও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। এই অভিজ্ঞতাটা এশিয়া কাপেও কাজে দেবে বলে মনে করেন আফগান অধিনায়ক, ‘আমাদের প্রায় অর্ধেক দলটারই বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে। আমরা চেষ্টা করব সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পারফর্ম করতে।’ ফলাফল যাই হোক, মাত্র গুটি গুটি পায়ে হাঁটতে শেখা আফগান ক্রিকেটের জন্য এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতাটাই হয়তো অনেক কিছু। তবে নবীর চাওয়া যেন আরেকটু বেশি, ‘এশিয়ার সেরা চারটা দলের সঙ্গে খেলাটা আমাদের জন্য বিশাল সুযোগ। আমরা চেষ্টা করব একটা-দুটো দলকে কঠিন লড়াই উপহার দিতে।’
সেই একটা-দুটো দলের মধ্যে পাকিস্তান থাকতে চায় না এটা নিশ্চিত। এমনিতেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চাপে মিসবাহ-উল-হকের দল। আজ আফগানিস্তান কোনো অঘটন ঘটিয়ে দিলে পথ অনেক কঠিন হয়ে যাবে গতবারের চ্যাম্পিয়নদের জন্য। ‘ছোটভাই’দের কি আদৌ সেই সুযোগ দেবে পাকিস্তান?