‘বড় ভাইদের কেউ না খেললে’ ওপরে ব্যাট করার সুযোগ পাবেন লিটন
সংবাদ সম্মেলনের লিটন দাস এবং ক্রিজের লিটন দাসের মধ্যে মিল খুব সামান্যই। ব্যাটসম্যান লিটন পারতপক্ষে বল ছাড়েন না। দেখেশুনে বলের মেধা বুঝে খেলেন।
কিন্তু সংবাদ সম্মেলনে লিটন যেন প্রশ্ন ‘ডাক’ করতে পারলে বেঁচে যান! ‘না, তেমন কিছু না...চেষ্টা তো করি’ এমন ছোট কথায় উত্তরের আনুষ্ঠানিকতা সারতে চান।
সংবাদকর্মীরাও নাছোড়বান্দা। লিটন নিজের টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছেন আজ, গত দেড়–দুই বছর ধরেই ধারাবাহিক তাঁর ব্যাট। লিটনের মুখ থেকে কথা বের করতে তাই এক প্রশ্নই একাধিকবার করতে হলো দু–একজন সংবাদকর্মীকে।
উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে টেস্টে এ বছর লিটনের রান সর্বোচ্চ (৩৯৬)। ২০২১ সাল থেকে হিসাব কষলে লিটনের (৯৯০) ওপরে আছেন শুধু ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত। শুধু ব্যাটসম্যান হিসেবে এ বছর টেস্টে রান করায় উসমান খাজার (৭৫১) পরই আছেন লিটন (৫০৬)।
গত বছর ঠিক আজকের দিন থেকে হিসাব করলে টেস্টে এ সময়ের মধ্যে রান তোলায় শুধু জো রুট (১২৭২) লিটনের (৮২৫) চেয়ে এগিয়ে। আর আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে গত দুই বছরের (২৪ মে পর্যন্ত) মধ্যে রান তোলায় শীর্ষ চারে আছেন লিটন। অথচ এমন একজন ব্যাটসম্যান কিনা ব্যাটিংয়ে নামেন ছয়ে কিংবা সাতে!
২০১৮ সালে ৩০ নভেম্বর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট থেকে হিসাব কষলে দেখা যায়, এর মাঝে ৩৪ ইনিংসে মাত্র দুইবার শীর্ষ তিনে ব্যাট করেছেন লিটন। পাঁচে ও আটে নেমেছেন দুবার। এর বাইরে বাদবাকি সব ইনিংসেই ব্যাট করেছেন ছয়ে কিংবা সাতে।
মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসেই ব্যাট করেছেন সাতে। চট্টগ্রামে আগের টেস্টে ছয়ে, ছয়–সাতের ওপরে লিটন সর্বশেষ ব্যাট করেন গত জানুয়ারিতে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে। প্রশ্ন উঠতে পারে, টেস্টে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে ব্যাটসম্যান সবচেয়ে ধারাবাহিক, তাঁকে ছয়ে–সাতে না নামিয়ে আরেকটু ওপরে ব্যাট করতে পাঠালে দল আরও বেশি লাভবান হতো কি না?
পক্ষে–বিপক্ষে এ নিয়ে আলোচনা হতে পারে। তবে এ নিয়ে লিটন নিজে কিছু ভাবেন কি না, কিংবা তাঁর ভাবনাটা কী—এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে জানতে চেয়েছিলেন সংবাদকর্মীরা। এমনিতে একটি বিষয় তো সবারই জানা, টিম কম্বিনেশন মাথায় রেখেই লিটনকে টেস্টে একটু নিচে খেলানো হয়। টপ অর্ডারে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ এবং পরীক্ষিত ব্যাটসম্যানেরা তো আছেনই। সিনিয়রদের যাওয়ার সময় হতে হতে লিটনও এর মধ্যে আরও অভিজ্ঞ হয়ে উঠবেন, তখন না হয় তাঁকে টপ অর্ডারে...। সংবাদ সম্মেলনে ঠিক এ বিষয়টাই জানতে চাওয়া হয়েছিল লিটনের কাছে।
সরাসরি প্রশ্ন করা হয়েছিল, সাতে ব্যাট করায় দল হয়তো লাভবান হচ্ছে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে কি না সাতটা একটু বেশি পেছনে হয়ে যাচ্ছে? আরও ওপরে ব্যাট করতে চান কি না? এই প্রশ্নের উত্তরে লিটনের পাল্টা প্রশ্ন, ‘আমি যে এ বছর রান করলাম, কততে নেমে করেছি?’ নাছোড়বান্দা সংবাদকর্মী সাতে নেমে রান করার কথা জানিয়ে আবারও জানতে চান, কিন্তু আপনার কি মনে হচ্ছে না আরেকটু (ব্যাটিংয়ে) বেশি সময় পেলে আরেকটু ভালো হতো?
লিটনের উত্তর, ‘আস্তে আস্তে সুযোগ আসছে তো। সুযোগ আরও আসবে। বড় ভাইরা যখন কেউ না কেউ খেলবে না, তখন আমাকে সুযোগ দেওয়া হবে। এখন আমি (সুযোগ) দেখছি না ওপরে যাওয়ার মতো।’ এরপরই লিটনের কাছে আবারও জানতে চাওয়া হয়, আপনার নিজের ইচ্ছাটা কী? তাঁর উত্তর, ‘ভালো আছি, যেখানে আছি ভালো আছি।’ অর্থাৎ সাকিব–তামিম–মুশফিকদের কেউ অবসর নিলে হয়তো ব্যাটিং অর্ডারে উঠে আসতে পারেন লিটন। আপাতত নিজের ব্যাটিং পজিশন নিয়ে তাঁর কোনো অসন্তোষ নেই।
২৪৬ বলে ১৪১ রানের ইনিংসে বেশ কিছু পুল শট খেলেছেন লিটন। শটগুলো ছিল দেখার মতো। লিটন মনে করেন গত এক–দেড় বছরে এই শটে ভালোই উন্নতি করেছেন, ‘একেক খেলোয়াড়ের একেক রকম শট থাকে। আমার কাছে মনে হয় আমি গত এক–দেড় বছরে ভালোই পুল শট খেলছি। আত্মবিশ্বাস ছিল দেখে আমি খেলে গেছি (পুল)।’
ক্যারিয়ারের শুরুতে পরিসংখ্যানে চোখ রাখতেন লিটন। তখন বাজে ফর্মের কারণে দলে আসা–যাওয়ার মধ্যে থাকতে হতো। সেই চ্যালেঞ্জটা জেতার পর আর পরিসংখ্যান দেখেন না লিটন, ‘যখন দেখতাম তখন দেখতাম খুব ব্যাকফুটে। ওখান থেকে একটা চ্যালেঞ্জ ছিল। এখন আর দেখি না, এখন সব সময় সামনের দিকে এগোনোই চিন্তাধারা।’
লিটন সামনে এগিয়ে যেতে পারলে সবচেয়ে বেশি লাভ তো বাংলাদেশের!