বড় ভাইয়ে মুগ্ধ ছোট পাঠান
২০০৭ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন যখন, তত দিনে তাঁর ছোট ভাই ভারতের প্রতিষ্ঠিত ক্রিকেটারদের একজন। ছোট পাঠান তত দিনে টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি মিলে এক শর বেশি ম্যাচই খেলেননি, ভারতের পরিপূর্ণ অলরাউন্ডারের অভাব মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন।ছকটা এখন পাল্টে গেছে। ছোট পাঠান ইরফান জাতীয় দলের বাইরে। আর বড় পাঠান ইউসুফ সদ্যই ওয়ানডেতে তাঁর প্রথম সেঞ্চুরি করে সবার প্রশংসায় ভাসছেন। শুধু তা-ই নয়, তাঁকে ঘিরে যে স্বপ্ন ভারত দেখেছিল, সেটা বড় ভাইই পূরণ করতে পারে বলে প্রশংসাপত্র দিচ্ছেন খোদ ইরফান, ‘ভারতের সেরা অলরাউন্ডারদের একজন ও। ভারত যে ধরনের অলরাউন্ডার খুঁজছে, কোনো সন্দেহ নেই, ও সেই অভাব পূরণ করতে পারে। মনে হচ্ছে, ওকে আর কেউ আটকাতে পারবে না। ওর জন্য আমার শুভকামনা রইল।’জাতীয় দলে ফেরার লড়াইয়ে ইরফান নিজেও এখন বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর এই চিন্নাস্বামী স্টেডিয়ামে তিন বছর আগে এমন এক ডিসেম্বরেই টেস্টে সেঞ্চুরি করেছিলেন ইরফান। সেই মাঠেই ইউসুফও পেলেন তাঁর প্রথম সেঞ্চুরি!এমনিতে দুই ভাইয়ের দারুণ সম্পর্কটি কারও অজানা নয়। গত ম্যাচে ভারতকে কঠিন পরিস্থিতিতে অনায়াসে জিতিয়ে আনা সেঞ্চুরিটি আবার ইউসুফ উৎসর্গ করেছেন ইরফানকেই। ‘কী বলব, আমি খুবই আবেগাপ্লুত’—বলেছেন ইরফান। ওয়েবসাইট।