বড় ভালো লাগছে মেসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের ডিসেম্বর মাসের ঘটনা। স্পেনের কাতালনিয়া ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে নিজেকে সরিয়ে নিলেন লিওনেল মেসি। চটেমটে উঠল আর্জেন্টিনার সংবাদমাধ্যম। এমনিতেই মেসির বিপক্ষে অভিযোগ, তিনি জাতীয় দলের হয়ে ভালো খেলতে পারেন না। এবার কথা উঠল, মেসি আসলে জাতীয় দলের হয়ে ভালো খেলতে চানই না। কেউ কেউ বললেন, আর্জেন্টিনা দলে না হয়ে কাতালনিয়া দলে ডাক পেলে ঠিকই খেলতেন মেসি! মানে সোজা, মেসি আর্জেন্টিনার চেয়ে স্পেনের প্রতি বেশি টান টের পান। যে লোকটি বালক বয়সে স্পেন জাতীয় দলের ডাক উপেক্ষা করেছেন আর্জেন্টিনায় খেলবেন বলে, এমন অভিযোগ শুনলে তাঁর মাথা গরম হয়ে যাওয়ার কথা। মাথা গরম করেননি মেসি। অপেক্ষা করেছেন। অপেক্ষা করেছেন আর্জেন্টিনার জার্সি গায়ে সুদিন আসার জন্য। মেসির বিবেচনায় সেই দিনটা এসে গেছে। নাইজেরিয়ার বিপক্ষেই আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত নিজের সেরা ম্যাচটা খেলে ফেলেছেন বলে ঘোষণা করে দিয়েছেন মেসি।ম্যারাডোনার নতুন ফরমেশনের কারণে হোক, আর অন্য কোনো কারণে; মেসি নিজেকে খুঁজে পেয়েছেন। আর তাতেই খেলাটা দারুণ উপভোগ করছেন ফিফার এই বর্ষসেরা। আগে-পরে তো বলেছেন, পরশু সংবাদ সম্মেলনেও বললেন, ‘জাতীয় দলের হয়ে খুব কঠিন সময়ের ভেতর থেকেও গিয়েছি আমি। যখন যা চাইতাম, কিছুই করতে পারতাম না। শুধু আমি কেন, দলের সবাই সেই সময়ের ভেতর থেকে গেছি। বাছাইপর্বটা আসলেই ভালো কাটেনি। ও রকম সময়ের ভেতর দিয়ে যেতে কারোরই ভালো লাগে না। কিন্তু এখন আমি পায়ের নিচে মাটি টের পাচ্ছি। অসাধারণ লাগছে। আমি সত্যিই নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটা উপভোগ করেছি। এটা আর্জেন্টিনার হয়ে আমার ক্যারিয়ারের সেরা সময়।’এখন এই সময়টা আরও লম্বা করতে চান মেসি। সেটা সম্ভব বলেই মনে করছেন রোসারিওর জাদুকর, ‘আমরা প্রথম ম্যাচটা ভালো খেলেছি। অনেক সুযোগ তৈরি করেছি। নাইজেরিয়ার বিপক্ষে যেমন খেলেছি, সে রকম খেলে যেতে পারলে আমরা এগিয়ে যেতে পারব।’এই প্রথম ম্যাচে নিজেদের পারফরম্যান্স মেসিকে এতটাই আত্মবিশ্বাসী করেছে যে, তিনি এখন আর আর্জেন্টিনার সামনে কোনো বাধাই দেখছেন না, ‘আর্জেন্টিনার ভয় এখন শুধু আর্জেন্টিনাই। অন্য সব দলের প্রতি আমার ভালোই শ্রদ্ধা আছে। কিন্তু আমাদের সেই যোগ্যতা ও প্রতিভা আছে। আমাদের আর কাউকে ভয় পাওয়ার কিছু নেই।’মেসিদের এগিয়ে যাওয়ার ক্ষমতা নিয়ে কারও সন্দেহ নেই। সন্দেহ শুধু তাদের কোচ ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে। ‘খেপাটে’ এই কিংবদন্তি কি পারবেন তারকাসমৃদ্ধ এই দলটাকে সামলে নিয়ে এগিয়ে যেতে?মেসির কথা শুনলে মনে হবে, কাজটার জন্য ম্যারাডোনাই সবচেয়ে যোগ্য মানুষ, ‘ম্যারাডোনা আমাদের এই দলের আর সবার মতো একজন। উনি খেলোয়াড়দের খুবই ঘনিষ্ঠ মানুষ। খেলোয়াড় ছিলেন, তাই জানেন আমাদের কেমন লাগতে পারে, কী ঘটতে পারে আমাদের সঙ্গে। উনিই আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছেন।’মেসিকে আত্মবিশ্বাসী করে তুললে আর আর্জেন্টিনার কী লাগে! মেসিই তো পারেন আর্জেন্টিনার বিশ্বকাপ-ভরসা হয়ে উঠতে। এতে মেসির ভীষণ আপত্তি, ‘জাতীয় দল আমার একার ওপর ভরসা করে না। আমাদের আরও অনেক খেলোয়াড় আছে, যারা খেলার ফল বদলে দিতে পারে। আমিই বরং মিডফিল্ডারদের ওপর নির্ভর করি। তারা বল এনে দিলে তবেই আমি সুযোগ তৈরি করতে পারি।’ ওয়েবসাইট।