ইউরো-বিশ্বকাপ-ইউরো! ফুটবলের ইতিহাসে হ্যাটট্রিক করতে পারেনি আর কোনো দল। ইউরোপ-সেরার মুকুট পরে বিশ্বকাপ জয়, পরে বিশ্বসেরার মুকুট পরার পর ইউরোপ জয় করেছে। কিন্তু শিরোপাত্রয়ী জেতার কীর্তি নেই অন্য কারোরই। ফুটবলের ইতিহাস এখন হলুদ-লাল বর্ণমালায় লেখা হয়। ফুটবলের ভাষা এখন স্প্যানিশ!কিন্তু দিগ্বিজয়ী স্পেনের ২০১৪ বিশ্বকাপ অভিযানটা ঠিক স্পেন-সুলভ হয়নি। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে জর্জিয়ার মতো দলের সঙ্গে ড্র করতে করতে শেষে জিতেছে সলদাদোর অন্তিম মুহূর্তের গোলে। স্পেনের আজ নিজেদের জাত চেনানোর সুযোগ। বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলারুশ। এটিও অ্যাওয়ে ম্যাচ। ভিসেন্তে দেল বস্কের জন্য পরীক্ষাটা শেষ পর্যন্ত কঠিনই হতে পারে। তা ছাড়া মঙ্গলবারে এক চোখ রেখেই এই ম্যাচে দল সাজাতে হবে স্পেনের কোচকে। মঙ্গলবার স্পেন খেলবে ফ্রান্সের সঙ্গে। প্রথম দুই ম্যাচে ফিনল্যান্ড ও বেলারুশকে হারিয়ে এরই মধ্যে ‘আই’ গ্রুপে দলকে শক্ত অবস্থানে রেখেছেন ফ্রান্সের নতুন কোচ দিদিয়ের দেশম। প্রীতি ম্যাচের চক্করে একটি ম্যাচ কম খেলেছে স্পেন।আজ সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও ইতালিরও পরীক্ষার রাত। তারাও খেলবে প্রতিপক্ষের মাঠে। বুলগেরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করা ইতালি অবশ্য পরের ম্যাচেই মাল্টাকে ২-০ গোলে হারিয়ে কক্ষপথে ফিরেছে। কিন্তু গত মাসের ওই দুটি ম্যাচই প্রাণ ভরায়নি সিজারে প্রানদেল্লির। আজ আর্মেনিয়ার বিপক্ষে দল কোনো ভুল করবে না বলেই আশা ইতালি কোচের, ‘সেপ্টেম্বরে আমরা যে ভুল করেছিলাম, সেই একই ভুল আমরা আর করব না বলে আমি নিশ্চিত। আর্মেনিয়ার বিপক্ষে আমাদের শতভাগ উজাড় করে খেলতে হবে। কারণ এটা হবে কঠিন একটা ম্যাচ। অনেক বেশি শরীরনির্ভর লড়াই।’দুই ম্যাচে দারুণ দুই জয় দিয়ে শুরু করা জার্মানি আজ মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। প্রথম দুই ম্যাচে ৩ গোল করা মেসুত ওজিল অবশ্য হুট করে যেন ছন্দ হারিয়ে ফেলেছেন। রিয়াল মাদ্রিদের সেরা একাদশে জায়গাটাও খানিকটা নড়বড়ে হয়ে গেছে। গত এল ক্লাসিকোতে ওজিল অবশ্য দিয়েছেন ছন্দে ফেরার ইঙ্গিত। অবশ্য আইরিশদের বিপক্ষে সর্বশেষ ম্যাচটা জার্মানদের জন্য সুখকর ছিল না। ২০০৮ ইউরোর বাছাইপর্বের সেই ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছিল। চাপের মুখে থাকা কোচ জিওভান্নি ত্রাপাত্তোনি তাঁর অতি প্রিয় ৪-৪-২ ছকটা ভেঙে অবশেষে ৪-৩-৩ ছক বাজিয়ে দেখতে রাজি হয়েছেন। ইংল্যান্ডের সামনে সহজ প্রতিপক্ষ স্যান মেরিনো। কিন্তু নিজেদের নিয়েই ভয় প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট কুড়ানো ইংলিশদের। জন টেরি আর অ্যাশলি কোলকে নিয়ে কিছুদিন ধরে যা হয়েছে, তা থেকে মনোযোগ মাঠে ফিরিয়ে আনাটাই এখন চ্যালেঞ্জ তাঁদের জন্য। স্যান মেরিনো কখনোই প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো ম্যাচ জেতেনি। প্রীতি ম্যাচেও গত ২২ বছরে জিতেছে মাত্র একটি ম্যাচ।আজ রাতের সবচেয়ে বড় ম্যাচ অবশ্য মস্কোতে। মুখোমুখি রাশিয়া-পর্তুগাল। গতবার বিশ্বকাপের টিকিট পেতে প্লে-অফের ঝামেলা পোহানো পর্তুগাল এবার সরাসরি ভিসা চায়। প্রথম দুই ম্যাচ জিতে দারুণ শুরুও করেছে তারা। ‘বিশ্বকাপে আমরা সরাসরি যেতে চাই। মস্কোতে জিততে পারলে ব্রাজিলে সরাসরি যাওয়ার সেই সম্ভাবনা অনেক বেড়ে যাবে’—বলেছেন কোচ পাওলো বেন্তো। পর্তুগালের সবচেয়ে বড় শক্তি অবশ্যই ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু নয়বার বিশ্বকাপ খেলা রাশিয়াও দুই ম্যাচ জিতে আজকের জন্য প্রস্তুত। এএফপি, রয়টার্স।