বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে ভারত
ডারবান টেস্টে হাসিটা একতরফা হয়েছিল। হেসেছিলেন শুধু বোলাররা। চলমান কেপটাউন টেস্টেও হেসেছেন বোলাররা। তবে একই সঙ্গে হাসছেন ব্যাটসম্যানরাও। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৩৬২ রানের জবাবে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছেন ভারতীয় ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১৪২ রান। স্বাগতিকদের প্রথম ইনিংসের চেয়ে ২২০ রানে পিছিয়ে মহেন্দ্র সিং ধোনির দল। হাতে রয়েছে আটটি উইকেট।ভারতীয় ইনিংসের শুরুটা অবশ্য হতাশারই ছিল। দলীয় ১৯ রানে প্রথম আর ২৮ রানে দ্বিতীয় উইকেটের পতন। শেবাগ ১৩ ও দ্রাবিড় ৫ রান করে সাজঘরে ফেরেন। ভারতীয় দলের শঙ্কা যখন ব্যাটিং বিপর্যয়ের, তখনি প্রতিরোধ গৌতম গম্ভীর ও শচীন টেন্ডুলকারের। অবিচ্ছন্ন জুটিতে এ দুজনের সংগ্রহ ১১৪ রান। দিনের খেলা শেষ হওয়ার সময় উদ্বোধনী ব্যাটসম্যান গম্ভীর ৬৫ ও শচীন ৪৯ রানে অপরাজিত ছিলেন।এর আগে জ্যাক ক্যালিসের ১৬১ রানের ওপর ভর করে ৩৬২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ২৩২ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিলেন স্বাগতিকেরা। দলীয় ২৬২ রানে দিনের প্রথম শিকার অ্যাওয়েল প্রিন্স (৪৭)। ২৮৩ রান তুলতেই আরও তিনটি উইকেট নেই! দলীয় ৩১০ রানে নবম উইকেটের পতন ঘটলে ভারতীয় বোলারদের তখন দক্ষিণ আফ্রিকার ইনিংস ইতি টানার অপেক্ষা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে সেই অপেক্ষা হতাশায় ভরিয়ে দেন ক্যালিস। সেঞ্চুরি তুলে নিয়েছিলেন আগেই। শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি যখন আউট হন, তখন চ্যালেঞ্জিং স্কোর দাঁড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। ক্রিকইনফো।