বড় সংগ্রহের পথে ইংল্যান্ড
উদ্বোধনী জুটিতেই ১৮৬ রানের চমত্কার এক জুটি গড়ে ইংল্যান্ডকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুক। স্ট্রাউস ৮৭ রান করে আউট হয়ে গেলেও টেস্ট ক্যারিয়ারের সপ্তম শতকটি পূর্ণ করেছেন কুক। তাঁর অনবদ্য শতকের সুবাদে এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ দুই উইকেটে ৩১৯ রান।এজবাস্টন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের শুরুটাও খুব ভালোভাবেই করেছিল ইংল্যান্ড। প্রথম দিনে ভারতকে মাত্র ২২৪ রানের মধ্যেই গুটিয়ে দেওয়ার পর কোনো উইকেট না হারিয়েই ৮৪ রান সংগ্রহ করেছিল স্বাগতিকরা। আজ দ্বিতীয় দিনে উদ্বোধনী জুটিতেই আরও ১০২ রান যোগ করেন দুই ইংলিশ ওপেনার। ১৮৬ রানের মাথায় স্ট্রাউস আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে আবারও ৬৬ রানের জুটি গড়েন কুক ও ইয়ান বেল। ২৫২ রানের মাথায় ভারতকে দ্বিতীয় উইকেটটি এনে দেন প্রাভিন কুমার। ৩৪ রান করে ফিরে যান বেল। এখন তৃতীয় উইকেটে ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে খেলে যাচ্ছেন কুক ও কেভিন পিটারসেন। ১২৯ রান করে অপরাজিত আছেন কুক। ৩৬ রান নিয়ে ব্যাট করছেন পিটারসেন।