‘ফতুল্লা স্টেডিয়াম নিয়ে টানাহেঁচড়া করা ঠিক হয়নি। ক্রিকেটের মাঠে মেসিদের অনুশীলন, এটা বাস্তবসম্মতও নয়। এই সুযোগে বরং কমলাপুর স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কারের ওপরই বেশি জোর দেওয়া যেত। সেটি না দিয়ে ক্রিকেটের মাঠ নেওয়ার দিকেই বেশি নজর দেওয়ায় ক্ষতিটা পরোক্ষে বাফুফেরই হয়েছে।’ফুটবল অঙ্গনে সাধারণ আলোচনা এখন এটাই। মেসিদের অনুশীলন মাঠ নিয়ে কয়েক দিন ধরে তুমুল বিতর্ক। জাতীয় ক্রীড়া পরিষদ ফতুল্লা স্টেডিয়াম বাফুফেকে মেসিদের জন্য দেবে বলেও ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো রকম আলোচনা করেনি।ওদিকে ক্রিকেট বোর্ড বাফুফেকে চিঠি দিয়ে আগেই ‘না’ করে দেয়। তারপর ব্যাপারটা নিয়ে ক্রীড়া পরিষদের মনোভাব ছিল, ‘মাঠ কি ক্রিকেট বোর্ডের নাকি, আমরা মাঠ দেব’, কিন্তু মুখে মুখেই যত কথা। কাজ কিছু করেনি পরিষদ। ফুটবল কর্মকর্তারা স্বীকার করছেন, তাঁদের পরিকল্পনা ছিল ভুল। নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা কাল বলছিলেন, ‘ফতুল্লা যে পাওয়া যাবে না, এটা আমরাও জানি। কিন্তু তার পরও চাওয়া হয়েছে। মন্ত্রী দেবেনও বলেছেন। এসব নিয়ে সময় নষ্ট না করে কমলাপুর নিয়ে ভাবলে অনেক কাজই আদায় করে নেওয়া যেত। এখন তো কমলাপুরের কাজ করাই সম্ভব নয়। হাতে সময় কই!’পরিস্থিতি যা তাতে কমলাপুরে আর্জেন্টিনা বা নাইজেরিয়া দলকে অনুশীলনের জন্য নেওয়া যাবে, এটা বিশ্বাস করার লোক ফুটবলে নেই। মাঠের অবস্থা খুবই খারাপ। তাহলে কি বঙ্গবন্ধুতেই অনুশীলন করবে দুই দল? এমনিতে মূল ভেন্যুতে ৬ সেপ্টেম্বর ম্যাচের আগে অনুশীলন করতে দিতে হবে দুই দলকে। যেহেতু দুই দল দুটি করে অনুশীলন সেশন করবে, তাই আরেকটি মাঠ প্রয়োজন। কিন্তু কমলাপুরের বেহাল দশায় সবই যদি বঙ্গবন্ধুতে করা লাগে, তখন কী অবস্থা হবে! ভেবে অনেকেই শঙ্কিত। ফতুল্লা স্টেডিয়াম না নেওয়ার-দেওয়ার ব্যাপারে কাল ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘কোনো মাঠই আমরা দিতে পারব না, যদি এনএসসির মাধ্যমে চিঠি না আসে। মাঠ তো এনএসসির। আমরা ব্যবহার করি মাত্র।’এদিকে ভালো খবর হলো, ক্লাব-ডিএফএর জন্য ৫ হাজার টাকার যে ১৩৮০টি টিকিট আছে, সেগুলোর অতিরিক্ত চাহিদা জমা পড়ছে। তাই গ্যালারির একটা অংশে ক্লাব-ডিএফএর আসন বাড়ানোর চিন্তা আছে। সার্বিকভাবে গ্যালারির টিকিট বাদে অন্যান্য টিকিটের চাহিদা বেশ ভালো। দুই দলের একটি করে উন্মুক্ত অনুশীলন সেশনের জন্য টিকিট ছাড়ার পরিকল্পনা পাকা। জানা গেছে, একটি প্রতিষ্ঠানকে এর স্বত্বও দেওয়া হয়েছে মোটামুটি বড় অঙ্কের টাকার বিনিময়ে। সব মিলিয়ে অনুশীলন মাঠের ব্যাপারটি বাদ দিলে বাকি সবই ভালোভাবে এগোচ্ছে, এমনই দাবি ম্যাচ আয়োজক কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক হেলালের।