বড় হার দিয়ে সিরিজ শুরু পাকিস্তানের
দুটি টি-টোয়েন্টির দুটিতেই ৬ উইকেটে হার। ওয়ানডে সিরিজও হার দিয়ে শুরু হয়েছে পাকিস্তানের। আবু ধাবিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে শহীদ আফ্রিদিদের ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের ২০৩ রানের জবাবে জ্যাক ক্যালিসের ব্যাটের উপর ভর করে ৩৯.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়াসরা।লক্ষ্য বেশি না হলে যা হয়। বেশ ফুরফুরে মেজাজে খেলেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করে মাঠ ছাড়েন জ্যাক ক্যালিস। না, ক্যালিসকে আউট করতে পারেননি পাকিস্তানি বোলাররা। ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান মাঠ ছেড়েছেন পায়ে চোট পেয়ে। রিটায়ার্ড হার্ট হয়েছেন ১৮ রান করা উদ্বোধনী ব্যাটসম্যান গ্রায়েম স্মিথও। এছাড়া ডি ভিলিয়ার্স ৫১ ও হাশিম আমলা ৩৫ রান করেন। পাকিস্তানের হয়ে দুটি উইকেটই লাভ করেন সাঈদ আজমল।টস জিতে প্রথমে ব্যাট করা পাকিস্তানের ইনিংটা দেখুন। দলীয় মাত্র ২৬ রানে প্রথম উইকেটের পতন। এরপর মোহাম্মদ হাফিজ ও ইউনুস খানের প্রতিরোধ। এ দুজনের অবিচ্ছন্ন জুটিতে পাকিস্তান অর্ধশত এমনকি শতরানের ঘর অতিক্রম করে। দুজনেই হাফ সেঞ্চুরি করেছেন। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার বোথার আঘাতের আগে গড়েছেন ১১৪ রানের জুটি। তার পরও এক ওভার বাকি থাকতেই মাত্র ২০৩ রানে অলআউট পাকিস্তান!বড় বাধা হয়ে দাঁড়ানো হাফিজকে ৬৮ রানে ফেরান বোথা। ব্যক্তিগত ৫৪ রানে থাকা ইউনুস খানকেও ফিরিয়েছেন তিনি । এরপর তোতসোবের তোপের মুখে পড়ে যেন আসা-যাওয়ার খেলা খেলেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। মিসবাহ করেছেন ১৪ রান, জুলকারনাইন অপরাজিত থাকেন ১২ রানে। ফাওয়াদ আলম, শহীদ আফ্রিদি, আবদুর রাজ্জাক, উমর গুল, সাঈদ আজমল, শোয়েব আখাতার—তাঁদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট লাভ করেছেন তোতসোবে। ল্যাঙ্গেভেল্ট ও বোথা দুটি করে উইকেট নেন।—ক্রিকইনফো