আন্তর্জাতিক বিরতি ইংলিশ প্রিমিয়ার লিগ কোচদের জন্য বেশ অস্বস্তিকর। ফর্মে থাকা অনেক দলই বিরতির পর ছন্দ হারিয়ে ফেলে। শনিবার সবগুলো বড় দলই নেমেছিল মাঠে, তবে আর্সেনাল ছাড়া বাকিদের কারও অঘটনের শিকার হতে হয়নি।লুকাস পোডলস্কি, অলিভার জিরুরা ফর্মে থাকায় আর্সেন ওয়েঙ্গার হয়তো খানিকটা নির্ভারই ছিলেন। তার ওপর এর আগের সাত ম্যাচে ১৭টি গোল হজম করেছিল নরউইচ। কিন্তু এদিন আর্সেনাল স্ট্রাইকাররা হয়ে রইলেন নিজেদের ছায়া, গানারদের আক্রমণগুলো শেষ পর্যন্ত ছিল নিষ্ফলাই। প্রথমার্ধে আর্সেনাল গোলরক্ষক ভিতো মানোনের ভুলের ফায়দা লোটেন নরউইচের গ্রান্ট হোল্ট। এই এক গোলেই বাজিমাত করে নরউইচও পেয়েছে মৌসুমের প্রথম জয়। শীর্ষে থাকা চেলসির সঙ্গে আর্সেনালের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে দশে।এখনো অবশ্য অনেক ম্যাচই বাকি, তার পর ও শিরোপা স্বপ্ন বেশ কিছুটা ফিকেই হয়ে গেল ওয়েঙ্গারের শিষ্যদের জন্য। তবে পরাজয়ের চেয়ে গোল-খরাটাই বেশি বাজছে ওয়েঙ্গারের বুকে, ‘আমাদের ব্যবধানটা কমিয়ে আনার একটা সুযোগ ছিল। সেটা পারিনি। কিন্তু যে কারণে আমি বেশি হতাশ সেটা হলো আমরা কোনো গোল করতে পারিনি।’ উল্টো চিত্র ছিল ম্যানচেস্টার সিটি শিবিরে। ২৩ মিনিটেই জেমস মিলনার লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর দ্বিতীয়ার্ধে ওয়েস্ট ব্রমের শেন লং গোল দিলে আরেকটি পরাজয় নিশ্চয়ই চোখ রাঙাচ্ছিল সিটিকে। দ্বিতীয়ার্ধে মাঠে নামলেন এডিন জেকো, আর ‘সুপার সাবের’ জাদুতে সিটি ছিনিয়ে আনে অবিশ্বাস্য একটা জয়। কর্নার থেকে হেড করে সমতা ফেরানোর পর ম্যাচের অন্তিম মুহূর্তে দুর্দান্ত এক পাল্টা-আক্রমণ থেকে গোল করেন জেকো। ফুলহামের সঙ্গেও জয়সূচক গোল করেছিলেন দ্বিতীয়ার্ধের শেষে। শেষ সময়ে গোল করাটা কি রীতিমতো অভ্যাসই বানিয়ে ফেললেন বসনিয়ান স্ট্রাইকার? ম্যানচেস্টার সিটির সহকারী কোচ ডেভিড প্লাটও খেয়াল করেছেন ব্যাপারটা, ‘আপনি যদি জেকোর ক্যারিয়ারের দিকে তাকান তাহলে দেখবেন সে অনেক ‘মূল্যবান’ গোল করেছে, যেগুলো দারুণ গুরুত্বপূর্ণ। এই মৌসুমে সে একজন ত্রাসই, ফর্মটাও দারুণ যাচ্ছে তার।’ওয়েইন রুনির জন্য দিনটা হতে পারত হতাশার। ঘরের মাঠে স্টোকের সঙ্গে তাঁর আত্মঘাতী গোলেই পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষমেশ দুই গোল করে ‘শাপমোচন’ করেছেন রাজসিকভাবেই। গোল খাওয়ার পরই গা-ঝাড়া দিয়ে ওঠে ইউনাইটেড। রুনি-পার্সি-ওয়েলবেক ত্রয়ীর দুর্দান্ত বোঝাপড়ায় ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলরা। ঘরের মাঠে প্রায়ই শুরুতে হোঁচট খাচ্ছে ইউনাইটেড, এটাই খচখচ করছে স্যার অ্যালেক্স ফার্গুসনের মনে, ‘এ মৌসুমে ঘরের মাঠে আমাদের শুরুটা যাচ্ছেতাই হচ্ছে। এরপর অবশ্য চমৎকার ফুটবলই খেলেছি। প্রথম ২০ মিনিটের পর পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট।’নিজেদের মাঠ অ্যানফিল্ডে জয় পেয়েছে লিভারপুল, তরুণ তুর্কি রাহিম স্টার্লিংয়ের গোলে রিডিংকে ন্যূনতম ব্যবধানে হারায় অল রেডরা। এএফপি।