গত সপ্তাহটা ভালোই কেটেছে ইউরোপের বড় দলগুলোর। শুক্রবার অনুষ্ঠিত ম্যাচগুলোতে তারা নিজেদের শক্তিমত্তা বেশ দেখাতে পেরেছে। তবে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের বাছাইপর্বে আজ রাতটা একটু কঠিনই বড় দলগুলোর জন্য। আজ যে তারা একে-অন্যের শক্তি পরীক্ষায় মাঠে নামছে!গ্রুপ-১-এর স্পেন-ফ্রান্স ম্যাচটিই মূলত আজকের সব আকর্ষণ টেনে নিয়েছে। ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের পর এই দুই দলের প্রথম দেখায় ঘটতে পারে যেকোনো কিছুই। ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে হারের জবাব দিতে মরিয়া ফ্রান্স আর নিজেদের গৌরব সমুন্নত রাখায় প্রত্যয়ী স্পেনের এই মোকাবিলা যে ‘আগুন’ ছড়াবে, এ কথা বলে দেওয়াই যায়। স্পেন ও ফ্রান্সের পাশাপাশি জার্মানি-সুইডেন, ইতালি-ডেনমার্ক ও ইংল্যান্ড-পোল্যান্ডের লড়াইও ফুটবলামোদীদের কাছে কম লোভনীয় নয়।গ্রুপে স্পেন ও ফ্রান্স সমানসংখ্যক পয়েন্ট নিয়ে এগিয়ে চললেও এই ম্যাচের আগে দুই দলের প্রস্তুতি রয়েছে দুই মেরুতে। সাম্প্রতিক সময়ে বেলারুশের বিপক্ষে প্রীতি ম্যাচে স্পেনের ৪-০ গোলে জয় তাদের ফ্রান্সের চেয়ে মানসিকভাবে এগিয়ে দিয়েছে অনেকটাই। স্পেন যেখানে বড় ব্যবধানে জয়ের সুখস্মৃতি নিয়ে এই ম্যাচে মাঠে নামছে, সেখানে ফ্রান্সের অভিজ্ঞতা একেবারেই আলাদা। সম্প্রতি জাপানের কাছে ১-০ গোলের হারে আত্মবিশ্বাস তলানিতেই থাকার কথা ‘লেস ব্লুজ’দের। জাপানের বিপক্ষে ম্যাচটি নিয়ে যারপরনাই বিরক্ত কোচ দেশম। ওই ম্যাচে অসংখ্য গোলের সুযোগ নষ্ট করে অবশেষে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ফরাসিদের। খেলার শেষ মুহূর্তে গোল খেয়ে পরাজয়ের তিলক কপালে এঁকে মাঠ ছাড়া প্রসঙ্গে কোচ দিদিয়ের দেশম বলেন, ‘যখন কোনো দল গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারে না, তখন প্রতিপক্ষের গোল পেয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।’ জাপানের বিপক্ষে ম্যাচকে অতীত মনে করাটাই এখন ভরসা ফ্রান্সের। দেশম ঠিক সে কথাই বলেছেন, ‘জাপানের বিপক্ষে পরাজয়ের জন্য আমরা ছাড়া আর কেউই দায়ী নয়। ওই দিন আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়েছি। তবে স্পেনের বিপক্ষে আজকের লড়াইটা সম্পূর্ণ ভিন্ন। আজ ভিন্ন একটি দিন। ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে দল অন্যকিছু উপহার দেবে বলেই আমার বিশ্বাস।’ ফ্রান্সের সঙ্গে তুলনায় স্পেনের অবস্থা অবশ্যই ভিন্ন। গত ২৪ ম্যাচে অপরাজেয় স্পেন। ইউরো ও বিশ্বকাপ বাছাই মিলিয়ে পরাজয়টা যেন ভুলেই গেছে তারা। তবে ফ্রান্সের বিপক্ষে ম্যাচকে অন্য রকম হিসেবেই মনে করতে চান কোচ ভিসেন্তে দেল বস্ক। তিনি বলেন, ‘এই ম্যাচে ফ্রান্সকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। দলটি ভালো; কারণ, এই দল অনেক ভালো খেলোয়াড়ে ঠাসা। ফরাসি দলে কিছু “শরীরনির্ভর” খেলোয়াড় আছে, যারা বিপদের কারণ হতে পারে।’শুক্রবার সান মারিনোর বিপক্ষে ৫-০ গোলে জয় আত্মবিশ্বাসী করে তুলেছে ইংল্যান্ডকে। ওয়েম্বলির ওই জয়ে এইচ গ্রুপে ইংল্যান্ড সরাসরি ৩ পয়েন্টে এগিয়ে গেছে মন্টেনিগ্রো ও পোল্যান্ডের বিপক্ষে। তবে আজ পোলিশ রাজধানী ওয়ারশতে এই ম্যাচ ইংলিশদের জন্য চ্যালেঞ্জ হিসেবেই দেখা দিচ্ছে। ইনজুরির কারণে ইংল্যান্ড আজ পাচ্ছে না থিও ওয়ালকটকে। থাকছেন না ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও রাইয়ান বাট্রান্ডও। চেলসির এই দুই খেলোয়াড়ের অনুপস্থিতি পোল্যান্ডের বিপক্ষে মাঝমাঠে কিছুটা হলেও যে প্রভাব সৃষ্টি করবে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে ল্যাম্পার্ড ও বাট্রান্ডের অনুপস্থিতির মধ্যেও আলো হয়ে থাকবেন সাসপেনশন কাটিয়ে মাঠে ফেরা অধিনায়ক স্টিভেন জেরার্ড।ইংল্যান্ডের মতোই জার্মানির আজকের ম্যাচে আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই। ডাবলিনে আয়ারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে আসার পর বার্লিনে আজ রাতে সুইডেনের বিপক্ষে লড়াইটা নিজেদের সেরা খেলা খেলেই যে জিততে হবে, সেটা মানেন অধিনায়ক ফিলিপ লাম। ইতালি-ডেনমার্ক ম্যাচে ইতালির গর্ব তাদের তারকারা। আন্দ্রেয়া পিরলো, মারিও বালোতেল্লির মতো তারকারাই আজ গড়ে দেবেন ম্যাচের ভাগ্য। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে দুই পয়েন্ট পাওয়া ডেনমার্কও ভীত ইতালির তারকাদের নিয়েই—ভীতির কথাটা বেরিয়েছে কোচ ওলসেনের মুখ থেকেই। আর শুক্রবার আর্মেনিয়াকে ৩-১ গোলে হারানো ‘আজ্জুরি’রা অবশ্যই সানসিরোর এই ম্যাচ জিতে নিজেদের এগিয়ে রাখতে চাইবে অনেক দূর। রয়টার্স।