এক নজরে বুলগেরিয়া ২: ২ ইতালি জার্মানি ৩: ০ ফারো আইল্যান্ড ওয়েলস ০: ২ বেলজিয়াম হল্যান্ড ২: ০ তুরস্ক লুক্সেমবার্গ ১: ২ পর্তুগাল মলদোভা ০: ৫ ইংল্যান্ড ফিনল্যান্ড ০: ১ ফ্রান্স এক দল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, ইউরোর বর্তমান রানার্সআপ। ফিফা র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে। অন্য দল বিশ্বকাপের মূল মঞ্চেই গেছে মাত্র সাতবার। সেরা সাফল্য ১৯৯৪ বিশ্বকাপে চতুর্থ স্থান। ১৯৯৮ বিশ্বকাপের পর মূলপর্বেই অদৃশ্য। র্যাঙ্কিংও ৮৯। এমন দুই দল মুখোমুখি হওয়া মানেই একপেশে লড়াইয়ের আভাস। পরশু সোফিয়ায় অন্তত এই তত্ত্ব খাটেনি। দুই দলের সমানে সমান লড়াইয়ে সমতা ফলেও। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেই চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে ২-২ গোলে রুখে দিয়েছে বুলগেরিয়া।বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন এদিন খেলেছে প্রীতি ম্যাচ। তবে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড—তিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নই ইউরোপের দীর্ঘ বাছাইযুদ্ধের শুরুটা করল জয় দিয়ে। জিতেছে বিশ্বকাপ না-জেতা পরাশক্তি হল্যান্ড-পর্তুগালও। নিজেদের মাঠে বুলগেরিয়ানরা ম্যাচের শুরু থেকেই আভাস দেন দিনটা হতে পারে তাদেরই। ৩০ মিনিটে স্তানিস্লাভ মানোলেভের গোলে প্রথমে এগিয়েও যায় বুলগেরিয়া। এরপরই আর্জেন্টাইন বংশোদ্ভূত রোমা স্ট্রাইকার পাবলো অসভালদোর চার মিনিটের জাদুতে ২-১-এ এগিয়ে যায় ইতালি। ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই জোড়া গোল করেছেন অসভালদো, ৩৬ ও ৪০ মিনিটে। পরে গিওর্গি মিলানোভের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে বুলগেরিয়া। অথচ এই বুলগেরিয়াই ইউরো বাছাইয়ে নিজেদের মাঠে চার ম্যাচে গোলের দেখা পায়নি।গত বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায় নেওয়া ইতালি এবার বাছাইপর্বের শুরুতেই খেল হোঁচট। এই বুলগেরিয়াকে দেখে একটু যেন বিস্মিতই ইতালি কোচ সিজারে প্রানদেল্লি, ‘আমি ভাবতেই পারিনি, বুলগেরিয়া এমন খেলবে। কিন্তু আপনি দেখবেন সব দলেরই একটা কঠিন সময় আসে। ইতালিও ব্যতিক্রম নয়।’ইতালির চেয়েও দুর্বল প্রতিপক্ষ পেয়েছিল তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। কিন্তু র্যাঙ্কিংয়ের ১৫৪ নম্বরের দল ফারো আইল্যান্ডের বিপক্ষে স্কোরলাইনটাকে জার্মান-সুলভ বানাতে পারেনি। নিজেদের মাঠে ‘সি’ গ্রুপের ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ের দ্বিতীয় শ্রেষ্ঠ দল জার্মানি জিতেছে মাত্র ৩-০ গোলে। স্কোরলাইনই অবশ্য খেলার আসল ছবি নয়। ৮৫ শতাংশ বল দখলে রেখে খেলেছে জোয়াকিম লো-র দল। মুহুর্মুহু আক্রমণে সুযোগও পেয়েছে অনেক। কিন্তু বাধা ছিল তাদের দুটি—ম্যানচেস্টার সিটির রিজার্ভ গোলরক্ষক গানার নিয়েলসেন, আর নিজেদের গোল মিসের মহড়া। লো অবশ্য জার্মানির ইতিহাসে জাতীয় দলের ৫০০তম জয়ে খুশিই।‘আই’ গ্রুপে ফিনল্যান্ডে গিয়ে ফিনল্যান্ডের বিপক্ষে ফ্রান্স জিতেছে ১-০ গোলে। জয়টা তৃপ্তির নয়, তবে জাতীয় দলের কোচ হিসেবে দিদিয়ের দেশমের শুভ অভিষেকই হলো। জয়ের নায়ক এক বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ফেরা আবু দিয়াবি।‘এইচ’ গ্রুপে দুর্বল মলদোভাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। চার মিনিটে ইংলিশদের গোল-উৎসবের শুরুটা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পেনাল্টি গোলে, যেটা আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের ১০০তম পেনাল্টি। ২৯ মিনিটে ল্যাম্পার্ডই করেন ২-০। নিজের ক্যারিয়ারের ৫০তম ম্যাচটি জার্মেইন ডিফো স্মরণীয় করে রাখলেন একটি গোল করে। বাকি গোল দুটি মিলনার ও বাইনেসের। বাছাইপর্বের ম্যাচের মেলায় দিনের বড় জয়টি অবশ্য বসনিয়ার, লিখটেনস্টাইনকে তারা হারিয়েছে ৮-১ গোলে। হ্যাটট্রিক করেছেন এডিন জেকো।বরাবরের মতোই হল্যান্ডের বাছাইপর্ব শুরু হলো দারুণ জয় দিয়ে। নিজেদের মাঠে রবিন ফন পার্সি ও নারসিংয়ের গোলে তুরস্ককে তারা হারিয়েছে ২-০ গোলে। ‘এফ’ গ্রুপে লুক্সেমবার্গের বিপক্ষে জ্বলে উঠেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমে পিছিয়ে পড়েও তাই শেষ পর্যন্ত লুক্সেমবার্গ থেকে পর্তুগাল ফিরেছে ২-১ গোলে জিতে। মাঠের নেতা রোনালদো গোলও করেছেন একটি।রাশিয়ার কোচ হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকেই ফ্যাবিও ক্যাপেলোও পেয়েছেন জয়। নিজেদের মাঠে রাশিয়া ২-০ গোলে হারিয়েছে উত্তর আয়ারল্যান্ডকে। রয়টার্স, এএফপি।