হঠাৎই স্বস্তি ফিরল মেলবোর্নে। টানা চার দিন ৪০ ডিগ্রি ছাড়ানো তাপমাত্রা কাল নেমে এল অনেকটা নিচে। আবহাওয়ার মতোই টেনিস কোর্টেও কাল ছিল না উত্তেজনার পারদ। অস্ট্রেলিয়ান ওপেনের ষষ্ঠ দিনটা পার হয়েছে বড় কোনো অঘটন ছাড়াই। রাফায়েল নাদাল, রজার ফেদেরার, অ্যান্ডি মারে, ভিক্টোরিয়া আজারেঙ্কা, মারিয়া শারাপোভা—চতুর্থ রাউন্ডে উঠে গেছেন সব বড় তারকাই।
সবচেয়ে ভালো দিন গেছে শীর্ষ বাছাই নাদালের। রাতে যেন ডিনার ধরার তাড়া ছিল বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের। দুই ঘণ্টার সামান্য কিছু বেশি সময়ে ফ্রান্সের গায়েল মনফিলসকে সরাসরি ৬-১, ৬-২, ৬-৩ গেমে উড়িয়ে দিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন নাদাল। যেখানে তাঁর অপেক্ষায় ষোড়শ বাছাই জাপানের কেই নিশিকোরি। এর আগে স্পেনের ফেলিসিয়ানো লোপেজকে ৭-৬ (৭/২), ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন চোট কাটিয়ে ফেরা অ্যান্ডি মারে। চতুর্থ রাউন্ডে মারে খেলবেন ফিলিপ কোলশ্রেইবারের চোটের কারণে সুযোগ পাওয়া ফ্রান্সের স্তেফান রবার্টের সঙ্গে। চারবারের চ্যাম্পিয়ন ফেদেরার রাশিয়ার তৈমুরাজ গাবাশভিলিকে ৬-২, ৬-২, ৬-৩ গেমে হারিয়ে টানা ১৩তম বার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন। গত বছর কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠতে ব্যর্থ সুইস তারকা জয়ের পর একটু মজাও করলেন, ‘শেষবার যখন (মিরকা) গর্ভবতী ছিল, আমি বেশ ভালো খেলেছি, জিতেছি ফ্রেঞ্চ (ওপেন) ও উইম্বলডন। তাই চাপটা অনেক বেশি!’ তৃতীয় সন্তানের অপেক্ষায় থাকা ফেদেরার স্মরণ করলেন ২০০৯ সালটাকে।
দিনের একমাত্র অঘটন বলা যায় মেয়েদের সাবেক এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকির হার। দশম বাছাই ওজনিয়াকি হেরেছেন স্পেনের অখ্যাত গারবিন মাগুরুজার কাছে। এএফপি, ওয়েবসাইট।