বড়দের রাতে পারেনি শুধু ইংল্যান্ড
এখন দেখা গেল ইংল্যান্ডের ভয়টা অমূলক ছিল না। কলার খোসাতেই পা পিছলে পড়ল ফ্যাবিও ক্যাপেলোর দল। নিজেদের মাঠ ওয়েম্বলিতে মন্টেনেগ্রোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। তবে ইউরো বাছাইপর্বে পরশু জয় নিয়ে মাঠ ছেড়েছে দুই নতুন—লরাঁ ব্লাঁর ‘নতুন ফ্রান্স’ আর নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। নিজেদের মাঠে লুক্সেমবার্গকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। স্কটল্যান্ড থেকে ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে ফিরেছে স্পেন।তবে ইংল্যান্ডের আটকে যাওয়া কিংবা দুই নতুনের জয়ের চেয়ে পরশু বড় হয়ে উঠেছিল দুটি ব্যাপার। স্পেনের স্ট্রাইকার ডেভিড ভিয়া দেশের পক্ষে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন। আর ইতালির জেনোয়ায় সার্বিয়ান সমর্থকদের উত্পাতে ইতালি-সার্বিয়া ম্যাচটি হতেই পারেনি। গ্লাসগোতে বিশ্ব চ্যাম্পিয়নদের বধ করার সংকল্পটা স্কটল্যান্ডের ধাক্কা খায় ৫৫ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ায়। বিরতির সামান্য আগে পেনাল্টি থেকে স্পেনের প্রথম গোলটি করেন ভিয়া। এই গোলেই তিনি ছাড়িয়ে যান রাউল গঞ্জালেসের ৪৪ গোলের রেকর্ড। দ্বিতীয় গোলটি আন্দ্রেস ইনিয়েস্তার। তবে চিরন্তন লড়াকু স্কটিশরা ৯ মিনিটের মধ্যে (৫৮ ও ৬৭) গোল দুটি দেয় ফিরিয়ে। প্রথমটি করেছেন নাইসমিথ, দ্বিতীয়টি জেরার্ড পিকের আত্মঘাতী। এরপর লরেন্তের ৭৯ মিনিটের গোলে জয় তুলে নেয় স্প্যানিশরা। স্পেনের মতো গোল পায়নি ইংল্যান্ড। তবে ওয়েম্বলিতে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ক্যাপেলোর দলের হাতে। ম্যাচের মাত্রই ৩ মিনিটে করা আক্রমণ থেকেই গোলও পেয়ে যেত পারত ইংল্যান্ড। তবে স্টিভেন জেরার্ডের দেওয়া দুর্দান্ত পাসটি লম্বা পা বাড়িয়ে ধরতে পারেননি পিটার ক্রাউচ।ফিল জাগিয়েলকা, থিও ওয়ালকট ও জার্মেইন ডিফোবিহীন ইংল্যান্ডের আক্রমণভাগ এমনিতেই দুর্বল হয়ে পড়েছিল। এর ওপর গোলের সহজতর সুযোগও মিস। জয় পায় কী করে ইংল্যান্ড! ম্যাচ শেষে ইংল্যান্ডের ইতালিয়ান কোচ ক্যাপেলোও বললেন সেটাই, ‘প্রায় চার-পাঁচটি স্পষ্ট গোলের সুযোগ তৈরি করেছি আমরা। কিন্তু কাজে লাগাতে পারিনি। স্কটল্যান্ডও রক্ষণে ভালো করেছে।’বিশ্বকাপের রানার্সআপ হল্যান্ড আর তৃতীয় দল জার্মানি ইউরো বাছাইয়ে জয়ের শতভাগ রেকর্ড ধরে রেখেছে। জার্মানি কাজাখস্তান থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফিরেছে। আর হল্যান্ড নিজেদের মাঠে সুইডেনকে হারিয়েছে ৪-১ গোলে।মিরোস্লাভ ক্লোসা, মারিও গোমেজ আর লুকাস পোডলস্কির গোলে পাওয়া এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট ‘এ’ গ্রুপের শীর্ষ দল জার্মানির। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে হল্যান্ড। পরশু সুইডেনকে উড়িয়ে দিতে হল্যান্ডের পক্ষে জোড়া গোল করেছেন হান্টেলার ও অ্যাফেল্লে। এএফপি, ওয়েবসাইট।