যে মাঠে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন, ১৩ বছর পর লাহোরের সেই গাদ্দাফি স্টেডিয়ামেই আজকের এই দিনে অমরত্ব পেয়ে যান জাভেদ মিয়াঁদাদ। ভারতের বিপক্ষে ১৪৫ রান করে টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি পেয়ে যান অভিষেক ও শততম টেস্টে। ‘বড়ে মিয়াঁ’র পরে এখন পর্যন্ত এই কৃতিত্ব দেখাতে পেরেছেন কেবল গর্ডন গ্রিনিজ। অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজ ওপেনার শততম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে করেন ১৪৯। অভিষেক ও শততম টেস্টে সেঞ্চুরির কৃতিত্ব শুধু এই দুজনের হলেও শততম টেস্টে সেঞ্চুরি আছে আরও চারজনের। মিয়াঁদাদের আগে শততম টেস্টে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের কলিন কাউড্রে, মিয়াঁদাদের পরে গ্রিনিজ ছাড়াও করেছেন ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট, পাকিস্তানের ইনজামাম-উল-হক ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। পন্টিং অনন্য আরেকটি জায়গায়, শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি আছে কেবল অস্ট্রেলীয় অধিনায়কেরই! ২০০৬ সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ১২০ করার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন অপরাজিত ১৪৩।