বয়কটকেও সাকিবের জবাব
মাঠে প্রথম টেস্টের লজ্জাজনক হারের জবাব দিচ্ছেন। আর মাঠের বাইরে জবাব দিলেন জেফ্রি বয়কটকে। টেস্টের দ্বিতীয় দিন শেষের সংবাদ সম্মেলনে এই জবাবটা দিতে পেরেই যেন বেশি আনন্দিত সাকিব আল হাসান।ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ধারাভাষ্যকার বয়কট আরও অনেক কিছুর সঙ্গে বলেছেন, আইসিসি খামোখাই বাংলাদেশের পেছনে বেশি বেশি অর্থ ব্যয় করছে। গত ১৩ বছরে বাংলাদেশের ক্রিকেট এর কোনো প্রতিদান দিতে পারেনি। প্রসঙ্গটা তুলতেই হাসতে হাসতে বয়কটের বুকে কথার ছুরি চালিয়ে দিলেন সাকিব, ‘অনেক সময় মানুষ লাইম লাইটে আসার জন্য এ রকম অনেক কিছু বলে থাকে। আমার এ নিয়ে কোনো টেনশন নেই। মনে হয় না বাংলাদেশ দলেরও কারও টেনশন আছে।’বয়কটকে নিয়ে ভাবার আসলেই সময় নেই বাংলাদেশ দলের। হারারের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে সম্ভাবনার যে আলো দেখা যাচ্ছে, সব ধ্যানজ্ঞান এখন সেটাকে আরও উজ্জ্বল করে তোলার জন্যই। প্রথম ইনিংসে ৩৯১ রান, এরপর ১৫৮ রানে জিম্বাবুয়ের ৪ উইকেট ফেলে দেওয়াটা আশাবাদী করছে সাকিবকে, ‘আমরা মোটামুটি ভালো একটা স্কোর করেছি। আমার মনে হয় ওরাই এখন চাপে আছে। তবে আরেকটা উইকেট ফেলতে পারলে আমরা আরও ভালো অবস্থানে থাকতে পারতাম।’ এ জন্য বোলারদের কৃতিত্ব দিলেন আলাদা করে, ‘আমাদের অনেক বোলারই খুব ভালো বল করেছে। দু-একজন ফাস্ট বোলার তো দারুণ কিছু স্পেল করেছে। তবে তাদের ধারাবাহিক থাকতে হবে। এটাই সবচেয়ে বড় কথা। গত ম্যাচের তুলনায় এই উইকেট অনেক ভালো। বোলারদের তাই উইকেটের জন্য ধৈর্য ধরতে হবে, ফিল্ডারদেরও ক্যাচ নিতে হবে। ধৈর্য ধরে তাদের ওপর চাপ তৈরি করতে পারলেই উইকেট আসবে।’আগের ম্যাচে বাংলাদেশ মূলত ব্রেন্ডন টেলরের কাছেই হেরেছে। সেজন্য এই টেস্টে টেলরের জন্য বিশেষ কিছু পরিকল্পনার একটা ছিল তাঁকে বাউন্সারে ঘায়েল করার চেষ্টা, ‘টেলরের উইকেট গুরুত্বপূর্ণ ছিল। গত ম্যাচে ভালো করার পর তার জন্য বিশেষ কিছু পরিকল্পনা ছিল। আজও (গতকাল) তার জন্য কিছু পরিকল্পনা ছিল। আমার মনে হয়েছে সেটা কাজেও লেগেছে।’টেলর ফিরে গেছেন কালই। টেস্টের এ অবস্থায় সাকিব জয়েরই স্বপ্ন দেখছেন, ‘ম্যাচ জেতা আমাদের প্রত্যাশা। এ জন্য মৌলিক কাজগুলো ঠিকভাবে করতে হবে। কালকের (আজ) প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ। শুরুতেই কিছু উইকেট নিতে পারলে ম্যাচে আমরাই এগিয়ে থাকব। ওরা চাপে পড়ে যাবে।’ টেস্টটাকে এ অবস্থায় আনতে সাকিবেরও অবদান আছে। ব্যাটিংয়ে করেছেন ৮১ রান, বল হাতে কাল পর্যন্ত ১ উইকেট। প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১৬ ওভার বল করলেও কাল এক ইনিংসেই বল করলেন ১৩ ওভার। ‘প্রথম টেস্টের সময় শরীর পুরোপুরি ফিট ছিল না। তবে এই ম্যাচে ভালো লাগছে’—বলছিলেন সাকিব।কিন্তু ব্যাট হাতে তো তৃতীয় টেস্ট সেঞ্চুরিও পেয়ে যেতে পারতেন এই ম্যাচে! প্রথম ইনিংসে ১৯ রানের জন্য সেটা পাননি হঠাৎই অধৈর্য হয়ে পড়ায়। আউট হওয়ার পর শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল বুঝি নিজের ওপর নিজেই ক্ষুব্ধ সাকিব। কিন্তু কাল মনে হলো, এক রাতের মধ্যেই নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন তিনি। আউটটা নিয়ে কোনো হতাশা আছে কি না—জানতে চাইলে ডানে-বাঁয়ে মাথা নেড়ে বললেন, ‘আমি ৯৬-৯৭ রানে গিয়েও এ রকম ব্যাটিংই করি।’