বয়কটের চোখে ভারত বাংলাদেশের মতো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারাভাষ্যকক্ষে বসেও দুটোর একটা নিশ্চয়ই দেখেননি জিওফ বয়কট। হয় তিনি ঘুমিয়েছিলেন গত বছর বাংলাদেশের লর্ডস টেস্টের সময়। টেস্টটা কীভাবে পঞ্চম দিনে নিয়ে গিয়েছিল বাংলাদেশ, দেখা হয়নি সেটা। দেখেননি তামিম ইকবালের টানা দুই সেঞ্চুরি আর শাহাদাত হোসেনের ৫ উইকেট নেওয়াও। অথবা ট্রেন্টব্রিজে এবার ভারতের লেজে গোবরে অবস্থার সময় অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন। সে কারণেই বয়কট বলতে পারছেন, ট্রেন্টব্রিজে ভারত কখনো কখনো খেলেছে বাংলাদেশের মতো।বাংলাদেশের ক্রিকেটের প্রসঙ্গে বরাবরই মুখ বাঁকা বয়কটের, তিনি বাংলাদেশকে মাটিতে নামাবেন স্বাভাবিক। কিন্তু সাবেক এই ইংল্যান্ড অধিনায়ক জবাবটা পেয়েছেন তাঁরই স্বদেশি ক্রিকইনফোর সাংবাদিক অ্যান্ড্রু মিলারের কাছ থেকে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে মিলার লিখেছেন, গত দেড় বছরে একমাত্র বাংলাদেশই ইংল্যান্ডের সামনে যোগ্য প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পেরেছে। ‘তামিমকে কীভাবে বল করতে হবে, সেটাই খুঁজে পাচ্ছিল না ইংল্যান্ড। চট্টগ্রামে জুনায়েদের সামনে হারিয়ে ফেলেছিল ছন্দ’—মিলারের আরেকটি টুইট।এই যখন অবস্থা, বয়কট বাংলাদেশ নিয়ে কী বললেন, তা নিয়ে না ভাবাই ভালো। তবে দ্য টেলিগ্রাফে নিজের লেখা কলামে তাঁর মূল লক্ষ্য বাংলাদেশ নয়, ভারত। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে মহেন্দ্র সিং ধোনির দলের আর কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছেন না বয়কট, ‘ভারত নিজেদের ফিরে পাবে, ইংল্যান্ডকে হারিয়ে দেবে, আমার তা মনে হয় না। ভারতীয় ব্যাটসম্যানরা শর্ট বল খেলতে পারে না। ভারতীয় পেসারদের মধ্যেও সেই গতি আর ক্ষিপ্রতা নেই। কাজেই এজবাস্টনে ইংল্যান্ডের সমর্থকেরা স্ট্রাউসের দলকেই আবার জিততে দেখবে।’ভারতীয়দের তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণটাও পরিষ্কার। যেকোনো কারণেই হোক বয়কটের মনে হচ্ছে, ভারতীয়দের পারফরম্যান্স অনেকটা বাংলাদেশিদের মতো, ‘ভারতকে ট্রেন্টব্রিজে কখনো কখনো বাংলাদেশের মতো মনে হয়েছে। গ্রাউন্ড ফিল্ডিং ছিল খুবই বাজে, বোলিংয়েও চিন্তাভাবনার অভাব ছিল।’ ওয়েবসাইট।