বয়কটের রুট-প্রশস্তি
সামনের পায়ে যে ড্রাইভ খেলেন, তাতে তাঁর মধ্যে মাইকেল ভনের ছায়া খুঁজে পান অনেকে। ভনের মতোই তিনি শেফিল্ড কলেজে পড়েছেন, খেলেন ইয়র্কশায়ারের হয়ে এবং খুব একটা মন্দ খেলেন না। সুতরাং জোসেফ এডওয়ার্ড রুটের সঙ্গে যদি কেউ সাবেক ইংলিশ অধিনায়কের একটু-আধটু মিল খুঁজে পান সেটা খুব একটা দোষের কিছু নয়। জো রুট এমন প্রশংসা ইদানীং মাঝেমধ্যেই পান, তবে প্রশংসায় বিগলিত আসল কাজটা ভুলে যান না। ক্যারিয়ারের শুরুতেই লোকের প্রশংসায় মাথা বিগড়ে গেলে চলবে কেন? এবারও তাঁর মাথা হয়তো বিগড়াবে না। তবে গর্বে অন্তত বুক ফোলাতে পারেন। পরশু হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর সেঞ্চুরিটা দেখে দরাজ প্রশংসা করেছেন জিওফ বয়কট। ইয়র্কশায়ারের প্রথম ব্যাটসম্যান হিসেবে নিজের মাঠে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি। রুটের মধ্যে নিজেরই যেন ছায়া দেখছেন ইংল্যান্ডের সাবেক ওপেনার!ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনারের এই সার্টিফিকেটটা যে শুধু এই একটা ইনিংসের ওপর ভর করে করেছেন তা নয়। বিষয়টি বয়কট পরিষ্কার করেছেন বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে, ‘ওর (জো রুট) বয়স যখন ১৫, তখন থেকেই ইয়র্কশায়ারের হয়ে তাকে খেলতে দেখে আমাদের মনে হয়েছিল, আমরা দারুণ এক ক্রিকেটারকে পেয়ে গেছি এবং সে ভবিষ্যতে বিশেষ কেউ হবে।’ ইয়র্কশায়ার কিংবদন্তির কাছ থেকে পাওয়া এমন প্রশংসায় স্বভাবতই আপ্লুত রুট। তবে এই প্রশংসা যে তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে, সেটাও নিশ্চয়ই ভুলছেন না। ওয়েবসাইট।