বয়স চুরি করেছেন ফ্যালকাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের বয়স আর ছেলেদের বেতনের অঙ্কটা নাকি জানতে নেই। কিন্তু তারকাদের সেই সুযোগ আছে? তাঁদের বয়স আর আয়ের অঙ্ক দুটোই জানা সবার। আর এই বয়স নিয়েই ঝামেলায় পড়েছেন রাদামেল ফ্যালকাও। কলম্বিয়ার একটি টিভি চ্যানেল দাবি করেছে, মনাকোর এই স্ট্রাইকার নাকি দুই বছর বয়স চুরি করেছেন। ২৭ নয়, তাঁর বয়স আসলে ২৯ বছর!চমকে যাওয়া এই খবরই দিয়েছে নটিসিয়াস উনো নামের সেই চ্যানেলটি। চ্যানেলটির দাবি, ফিফার তথ্য অনুযায়ী ফ্যালকাওয়ের জন্মতারিখ যেটা দেখানো হয়, সেই ১০ ফেব্রুয়ারি ১৯৮৬ নাকি মিথ্যা। ফ্যালকাও ১০ ফেব্রয়ারিতেই জন্মেছেন, তবে ১৯৮৪ সালে। ফ্যালকাওয়ের প্রাথমিক বিদ্যালয়ের রেকর্ড ঘেঁটে দেওয়া হয়েছে এই তথ্য। এই খবর সত্যি হলে সেটি মনাকোর জন্য একটা ধাক্কাই হবে। ফর্মের তুঙ্গে থাকা একজন ২৯ বছর বয়সী ফুটবলারের পেছনেই পাঁচ কোটি পাউন্ডের বিশাল অঙ্ক বিনিয়োগ করেছে ক্লাবটি। ২৭ বছর বয়সী এক ফুটবলারের বাজারদর আর ২৯ বছর বয়সীর বাজারদর সমান হয় না। খেলোয়াড়েরা ত্রিশের ঘরে যতই এগোতে থাকেন, তাঁদের দর ততই কমে। তা ছাড়া ফ্যালকাওকে ২৭ ভেবেই তাঁকে পাঁচ বছরের জন্য কিনেছে মনাকো। কিন্তু আসলেই তাঁর বয়স ২৯ হলে চুক্তির মেয়াদ শেষের সময় ফ্যালকাওয়ের বয়স হবে ৩৪, কার্যত ক্যারিয়ারের শেষ প্রান্তে তত দিনে পৌঁছে যাবেন তিনি।এ কী এক অদ্ভুত সমস্যায় পড়লেন ফ্যালকাও!