বয়স মাত্র ১৮, টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ৫০ উইকেট নেওয়ার রেকর্ডও তাঁর। এই বয়স আর প্রতিভাই হয়তো ঢাল হয়ে মোহাম্মদ আমিরকে বাঁচিয়ে দিতে পারে শাস্তি থেকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী হারুন লরগাতের কথায়ই পাওয়া যাচ্ছে সে আভাস।বিচারের ভারটা স্বাধীন ট্রাইব্যুনালের মেনেও দ্য ডেইলি মেইলকে বলা লরগাতের ব্যক্তিগত মতামত, ‘অভিযুক্ত হলেও স্পট ফিক্সিংয়ের বিচারে আমিরের বয়সটা মাথায় রাখা উচিত।’ ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড পাকিস্তানি ক্রিকেটারদের স্পট ফিক্সিংয়ের ঘটনা ফাঁস করার পর সালমান বাট আর মোহাম্মদ আসিফের মতো অভিযোগের তীর তরুণ পেসার আমিরের দিকেও।লরগাতের মতো আমিরের বয়সটাকে সামনে নিয়ে আসছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক জিওফ বয়কটও। আমিরের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল বয়কট একটা পথও বাতলে দিচ্ছেন তাঁকে এই অভিশাপ থেকে মুক্ত করার। বয়কটের মতে, আমির হতে পারেন পুরো ঘটনার রাজসাক্ষী, ‘যা যা ঘটেছে সব সত্যি করে বলুক ও, তাতে ওকে হালকা শাস্তি দেওয়া যেতে পারে। তবে এই প্রস্তাবে যদি সে রাজি না নয়, তাহলে দৃষ্টান্তমূলক কিছুই করা হোক। আমিরের জন্য আমার খারাপ লাগছে, কারণ ১৮ বছর বয়সী কারও সিনিয়রদের কথায় প্রভাবিত হওয়াই স্বাভাবিক। তবে এর পরও আমি মনে করি, যদি কারও নির্দেশ অনুযায়ী নো বল করে থাকলে তাঁর দীর্ঘ মেয়াদেই, হতে পারে সাত বছর—বহিষ্কারাদেশ প্রাপ্য।’যে বিবেচনায় আমিরের ব্যাপারে বয়কটের মন একটু নরম, সেই বিবেচনাতেই কোনো সহানুভূতি পাচ্ছেন না অভিযুক্ত অন্য দুজন সালমান বাট ও মোহাম্মদ আসিফ। ‘ওদের খুব কড়া শাস্তি হওয়া উচিত, কারণ ওদের পক্ষে কোনো অজুহাত নেই। ওরা যা করেছে, তা ক্রিকেটের বিরুদ্ধে অপরাধ।’এর আগে বয়স বিবেচনায় আমিরের পাশে দাঁড়িয়েছিলেন আরেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটনও। দোষী প্রমাণিত হলেও আমিরকে সুপথে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে বলে দ্য টাইমস-এ নিজের লেখা এক কলামে লিখেছিলেন, ‘ওকে সুশিক্ষিত করে তুলতে হবে। ক্রিকেট থেকেই যে কত কিছু অর্জন সম্ভব, তার উদাহরণ হিসেবে তৈরি হয়ে উঠতে সাহায্য করতে হবে ওকে। প্রতিভাবান এই বোলারটি যে সমস্যার কারণ নয়, সমস্যার করুণতম শিকার, সেটা মনে রাখতে হবে।’কিন্তু বয়সের কারণে মোহাম্মদ আমিরের প্রতি সবার এ রকম সহানুভূতিশীল হয়ে ওঠায় একটু বিরক্তই হচ্ছেন সাবেক ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার, ‘এটা কেন? আমিরের বয়সী কম প্রতিভাবান অন্য কেউ কি এ রকম অপরাধে একই সহানুভূতি পাবে? এখানে বয়স বিবেচ্য হওয়া উচিত নয়। এ পর্যায়ের কোনো ক্রিকেটার যদি ঠিক-ভুলের পার্থক্য না বোঝে, তাহলে সে বুদ্ধিপ্রতিবন্ধী! আমার মনে হয়, আমির অবশ্যই তা নয়।’ এএফপি, ওয়েবসাইট।