বয়সভিত্তিক সাঁতারে আরিফুলের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচটি ইভেন্টে সাঁতরে পাঁচটিতেই সোনা, যার তিনটিতে আবার নতুন রেকর্ড। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ে সোনা জিতে বিজয়চিহ্ন দেখাচ্ছেন জাতীয় বয়সভিত্তিক সাঁতারের প্রথম দিনের নায়ক আরিফুল ইসলাম। কাল মিরপুর সুইমিং পুলে l প্রথম আলো
পাঁচটি ইভেন্টে সাঁতরে পাঁচটিতেই সোনা, যার তিনটিতে আবার নতুন রেকর্ড। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ে সোনা জিতে বিজয়চিহ্ন দেখাচ্ছেন জাতীয় বয়সভিত্তিক সাঁতারের প্রথম দিনের নায়ক আরিফুল ইসলাম। কাল মিরপুর সুইমিং পুলে l প্রথম আলো

সামোয়াতে যুব কমনওয়েলথ গেমস শেষ করে পরশু ভোরে ফিরেছেন। সেকেন্ডের ভগ্নাংশের ব্যবধানে (০.৩০ সেকেন্ড) ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ফাইনালে না ওঠার আফসোস এখনো চোখে-মুখে লেগে আছে আরিফুল ইসলামের। সেই দুঃখ ভুলতে চাইছেন মিরপুর সুইমিংপুলে ঝড় তুলে।
জাতীয় বয়সভিত্তিক সাঁতারে গত দুই বছরের মতো এবারও শুরুটা করেছেন দুর্দান্ত। গত দুবারই ১৩টি ইভেন্টে অংশ নিয়ে সব কটিতেই সোনা জিতেছিলেন। তবে গতবার সব মিলিয়ে রেকর্ড ভাঙতে পেরেছিলেন মাত্র তিনটি। এবার প্রথম দিনেই ছুঁয়ে ফেলেছেন সেটিকে।
কাল প্রথম দিনে মোট ৩৬টি ইভেন্টের ১০টিতে নতুন রেকর্ড হয়েছে। বালক বিভাগে সাতটি রেকর্ডই বিকেএসপির। ১৮-২০ বছর বিভাগে আরিফুল রেকর্ড গড়েছেন ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে, ২০০ মিটার ফ্রি স্টাইলে ও ২০০ মিটার বাটারফ্লাইয়ে।
বালকদের ১৩-১৪ বছর বিভাগে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে মিঠু মিয়া, ২০০ মিটার ব্যাকস্ট্রোকে হিমেল মিয়া রেকর্ড করেছেন। ১১-১২ বছর বিভাগে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রনি মিয়া।
বালিকা বিভাগে বাংলাদেশ আনসারের শরীফা খাতুন (১১-১২) ১০০ মিটার বাটারফ্লাইয়ে ও বিকেএসপির রুপা খাতুন (৮-১০) ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ও ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়েছেন।
১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেও রেকর্ড হয়নি বলে আক্ষেপ আরিফুলের, ‘সময়টা যদি হ্যান্ডটাইমিংয়ে না ধরে ইলেকট্রনিক স্কোরবোর্ডে ধরা হতো, তাহলে নিশ্চিত আমার রেকর্ডটা হতো।’ পরে এর ব্যাখ্যাও দিলেন, ‘২০০৬ সালে রবিউল ভাই যে রেকর্ড গড়েছিলেন, সেবার তাঁর টাইমিং ছিল ১ মিনিট ০৬.২৮ সেকেন্ড। আমি আজ করেছি ১ মিনিট ০৬.৩৪ সেকেন্ড। হ্যান্ডটাইমিংয়ে কখনোই নিখুঁত টাইম পাওয়া যায় না।’
আরও ভালো করতে না পারার জন্য দায়ী করলেন ভ্রমণক্লান্তিকেও, ‘ফেরার সময় সামোয়া বিমানবন্দরেই অপেক্ষায় ছিলাম চার ঘণ্টা। নিউজিল্যান্ড যেতে আরও ঘণ্টা চারেক। এরপর ছিল ১২ ঘণ্টার ট্রানজিট ও ১০ ঘণ্টার প্লেন জার্নি। পরে মালয়েশিয়াতেও দুই ঘণ্টার ট্রানজিট ছিল। বাংলাদেশে পৌঁছাতে লেগেছে আরও চার ঘণ্টা। বিকেএসপিতে পৌঁছানোর পর শরীর আর চলছিল না। একদম রিকভারির সময় পাইনি, না হলে আরও টাইমিং ভালো হতো।’
প্রথম দিনে ২৩টি সোনা জিতে পদক তালিকার শীর্ষে আছে বিকেএসপি।