বয়সের বাধা পেরিয়ে

বয়স ৩৭, হাইজাম্প ছেড়েও দিয়েছিলেন ২০১২ লন্ডন অলিম্পিকে ব্যর্থতার পর। সেই রুত বেইতিয়াই অবসর ভেঙে ফিরে গড়লেন অনন্য কীর্তি। সবচেয়ে বেশি বয়সে অলিম্পিক হাইজাম্পে জিতেছেন সোনা। বয়স যে নিছক সংখ্যা, সেটিই প্রমাণ করেছেন স্পেনের নারী অ্যাথলেট।
বেইতিয়ার আন্তর্জাতিক অভিষেক ১৯৯৬ সালে। ২০০৪ এথেন্স অলিম্পিকে হাইজাম্পে তাঁর অবস্থান ছিল ১৬তম, ২০০৮ বেইজিং অলিম্পিকে সপ্তম ও লন্ডন অলিম্পিকে চতুর্থ হওয়ার পরই বিদায় বলে দেন হাইজাম্পকে। পরের বছর অবশ্য অবসর ভেঙে আবার ফেরেন নিজের ইভেন্টে।
২০ বছরের ক্যারিয়ারে তিনবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়াটাই ছিল বেইতিয়ার সর্বোচ্চ সাফল্য। পেছনের সব অর্জনকে তিনি ছাড়িয়ে গেলেন রিওতে এসে। বয়সকে তুড়ি মেরে, বছরের পর বছরের পরিশ্রমের সাধনা সার্থক করে উচ্ছ্বসিত বেইতিয়া, ‘কখনোই ভাবিনি লন্ডন অলিম্পিকের পর আবারও খেলতে পারব। আমার স্বপ্ন সত্যি হলো। আমার বয়স যে ৩৭, তা নিয়ে আমি সচেতন ছিলাম। আমার মনে হয়, অলিম্পিকে সবচেয়ে বেশি বয়সে সোনাজয়ী নারীদের মধ্যে আমি অন্যতম। এখনো পর্যন্ত এটি চালিয়ে যেতে পেরে আমি গর্বিত। এমনকি এই বয়সে আমার উদ্দীপনা ও আনন্দের কমতি নেই।’ রয়টার্স, এএফপি।