ভক্ত-দরদি রোনালদো

কিছুটা মেজাজি, কিছুটা অহংকারী।
কাছের মানুষ তাঁকে অন্য রকম দেখতে পারে, কিন্তু দূর থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে ও রকমই মনে হয়। তবে এই মনে হওয়াটা যে পুরোপুরি ঠিক নয়, সেটা বোঝা গেল এবার। আইন অমান্য করে মাঠে ঢুকে তাঁকে জড়িয়ে ধরার পর আটক এক ভক্তকে ছেড়ে দেওয়ার জন্য রোনালদো আবেদন করলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। হয়তো সে আবেদন অগ্রাহ্য হবে, কিন্তু তাঁরও যে একটা কোমল হূদয় আছে সেটা তো জানাতে পারলেন রোনালদো।
গত আগস্টের ঘটনা। যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ নামে একটা প্রীতি টুর্নামেন্টে খেলছিল রিয়াল মাদ্রিদ। ওই টুর্নামেন্টেই চেলসির বিপক্ষে ম্যাচ চলাকালে নিরাপত্তাপ্রহরীদের ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। যুক্তরাষ্ট্র অভিবাসী কানাডিয়ান ছাত্রটি সোজা গিয়ে জড়িয়ে ধরেন রোনালদোকে। পরে অবশ্য রিয়াল তারকাও তাঁর সঙ্গে হেসে হেসে কথা বলেন কিছুক্ষণ। নিরাপত্তাপ্রহরীরা পরে এসে তাঁকে ধরে নিয়ে যান, ফৌজদারি আইনে মামলাও হয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে জেলেও যেতে হতে পারে রোনাল্ড জোকা নামের সেই রোনালদো-ভক্তকে।
ফুটবলাররা মাঝেমধ্যেই মাঠে এমন পাগল ভক্তের পাল্লায় পড়েন। কিন্তু তাদের কাছে এগুলো মনে রাখার মতো কিছু নয়। রোনালদো কিন্তু মনে রেখেছেন। সে কারণেই যখন জানতে পারলেন তাঁর প্রতি অতি ভালোবাসা দেখানো সেই ভক্ত এমন ঝামেলায়, তখন আবেদন করলেন যুক্তরাষ্ট্রের রাজ্য সরকারের আইন কর্মকর্তার কাছে। সরকারপক্ষের কৌঁসুলিকে লেখা চিঠিতে রোনালদো জোকার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানিয়েছেন, ‘সে একটুও আক্রমণাত্মক কিংবা সহিংস ছিল না। আমি আপনাদের অবস্থান বুঝতে পারছি এবং আইনশৃঙ্খলার গুরুত্বটাও জানি। তার পরও আমি অনুরোধ করব আপনাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এবং ছেলেটির বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ প্রত্যাহারের জন্য।’
রোনালদোর চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন মায়ামির আইন কর্মকর্তার অফিসের মুখপাত্র টেরি গঞ্জালেজ-চাভেজ। তবে দুঃখ প্রকাশ করে তিনি জানিয়েছেন, ‘চিঠিটি খুবই চমৎকার। দুর্ভাগ্যজনকভাবে এটা আমলে নেওয়া যাবে না, কারণ এটা স্টেডিয়ামের নিরাপত্তার ব্যাপার এবং স্টেডিয়াম কর্তৃপক্ষই অভিযোগ দাখিল করেছে।’
হয়তো অভিযোগ প্রত্যহার করা হবে না। হয়তো জোকা শাস্তিও পাবেন। কিন্তু একটা ভালো লাগার অনুভূতি তাঁর হবে। যাঁকে একটু ছুঁয়ে দেখার জন্য এত ঝক্কি পোহাতে হচ্ছে সেই রোনালদো স্বয়ং পাশে দাঁড়িয়েছিলেন তাঁর।
কজন ভক্তের এমন সৌভাগ্য হয়? রয়টার্স।