ভক্তদের ভালোবাসায় আপ্লুত রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো ফিরে এসো—সেই ব্যানার। ফাইল ছবি
রোনালদো ফিরে এসো—সেই ব্যানার। ফাইল ছবি

ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের একটা দল আগেই ঘোষণা দিয়েছিল, রোনালদোকে ওল্ড ট্রাফোর্ডে ফিরিয়ে আনার জন্য ভিয়ারিয়ালের মাঠের ওপরে ব্যানার ওড়াবে। সে কি! সত্যি এল মাদ্রিগালে রিয়াল মাদ্রিদ-ভিয়ারিয়ালের ম্যাচের সময় স্টেডিয়ামকে ঘিরে পাক খেতে শুরু করল একটা বিমান। সঙ্গের ব্যানারে লেখা, ‘রোনালদো ঘরে ফিরে এসো—ইউনাইটেড রিল।’ 
মাঠের ওপর দিয়ে সেই বিমান উড়ে যাওয়ার সময় রোনালদো মুখ তুলে সেটি দেখেছিলেন বটে, তবে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখাননি। কিন্তু পর্তুগিজ উইঙ্গার প্রতিক্রিয়াহীন থাকতে পারেননি। ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসায় মুগ্ধ, আপ্লুত সিআর সেভেন। রিয়াল তারকা বললেন, ‘সব সময় বলেছি, ম্যানচেস্টারেও আমার একটা পরিবার আছে।’
ঠিক এর পরই চরম বাস্তবতা মনে করিয়ে দিলেন, ‘কিন্তু এখানে (রিয়াল) আমি ভালো আছি এবং এখানে থাকতে চাই। তারা (ইউনাইটেড সমর্থকেরা) এখনো আমাকে যেভাবে ভালোবাসে, সেটি আমাকে ছুঁয়ে যায়। কিন্তু আমি যে এখানে সুখেই আছি।’ রোনালদোর এ কথায় ইউনাইটেড সমর্থকেরা খুশি হবেন, নাকি নিঃশ্বাস ভারী করবেন, তাঁদের সিদ্ধান্ত। সূত্র: মার্কা।