যেন ভেবেই উঠতে পারছিলেন না কী করবেন। কী বলবেন তা-ও বুঝে উঠতে পারছিলেন না। তাঁর জন্য এ এক অবিশ্বাস্য ঘটনা। যাঁকে আদর্শ মেনে বেড়ে উঠেছেন, যাঁর পোস্টার ছিল ঘরের দেয়ালে দেয়ালে; সেই সেরেনা উইলিয়ামসকেই হারিয়ে দেওয়া! প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের সেমিফাইনালে পা রাখা! এ তো স্বপ্নের চেয়েও বেশি কিছু। স্লোয়ান স্টিভেনসের তাই সবকিছু বুঝে উঠতে সময়ই লাগছিল। বিজয়ের প্রতিক্রিয়া জানতে বাড়িয়ে ধরা মাইক্রোফোনে কী বলবেন বুঝে উঠতে পারছিলেন না। ওদিকে পরাজয় আর শরীরের ব্যথায় ম্লান সেরেনাও প্রথম প্রথম শুধু একটা কথাই বলে গেলেন, ‘ওহ মাই গশ!’গত বছর অলিম্পিকসহ বছরের শেষ তিনটি প্রধান শিরোপাই জিতেছিলেন সেরেনা। এবারও শুরুটা করেছিলেন দারুণভাবে। যদিও শুরু থেকেই ভোগাচ্ছিল চোট। পরশু বোনের সঙ্গে দ্বৈতে জুটি বেঁধে খেলতে গিয়ে অ্যাঙ্কেলের পুরোনো চোটটা বেড়ে গিয়েছিল। কালই আবার কোর্টে নামতে হয়েছে। কতটা ফিট হয়ে উঠতে পারবেন ম্যাচের আগে থেকেই সংশয় ছিল তা নিয়ে। পুরো ফিট হতে পারেননি। কালও চোটটা তাঁকে ভুগিয়েছে। অ্যাঙ্কেলের পাশাপাশি পিঠেও ব্যথা ছিল। ইনজুরি টাইমআউট নিয়ে শুশ্রূষাও করাতে হয়েছে। একবার তো রাগে-হতাশায় র্যাকেট ছুড়ে ভেঙেও ফেলেছেন। শেষ পর্যন্ত চোট আর স্টিভেনসের কাছে যুগপৎ পরাজয়। ২ ঘণ্টা ১৭ মিনিটের লড়াই শেষে সেরেনা হেরেছেন ৩-৬, ৭-৫, ৬-৪ গেমে।কিন্তু তাতেও ১৯ বছর বয়সী স্টিভেনসের কৃতিত্ব এতটুকু ম্লান হচ্ছে না। ১৯৯৫ সালে সেরেনা পেশাদার টেনিসে পা রাখার সময় তাঁর বয়স ছিল মাত্র দুই বছর। তিনিও আফ্রো-আমেরিকান বংশোদ্ভূত। স্বাভাবিকভাবেই উইলিয়ামস বোনেরা স্টিভেনসের কাছে ছিল অনেক বড় প্রেরণা। খেলাধুলাটা অবশ্য তাঁর রক্তে বহমান। বাবা জন স্টিভেনস ছিলেন আমেরিকান ফুটবলে প্রতিষ্ঠিত খেলোয়াড়। মা সাইবিল ছিলেন জাতীয় পর্যায়ের সাঁতারু। মায়ের অনুপ্রেরণাতেই নয় বছর বয়সে টেনিস শুরু। কয়েক বছর ধরেই বেশ ভালো করছিলেন। গতবার তাঁর প্রিয় মাটির কোর্টের ফ্রেঞ্চ ওপেনে উঠেছিলেন চতুর্থ রাউন্ডে, উইম্বলডন ও ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডেও। এবার তো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে র্যাঙ্কিংয়ের ২৫ নম্বরে থাকা স্টিভেনস।কোয়ার্টার ফাইনালে নিজের আদর্শের সামনেও নাকি ঘাবড়ে যাননি। ম্যাচের দিন সকালে নিজেকে বুঝিয়েছিলেন, ‘বন্ধু, তুমি পারবে।’ কিন্তু সেই পারাটা যখন সত্যি হয়ে এল, স্টিভেনস আনন্দে কেঁদেই ফেললেন। এর পর মজা করে বললেন, ‘এখন মনে হয়, ঘরের দেয়ালে নিজেরও একটা পোস্টার লাগানোর সময় এসে গেছে।’ সেরেনার জন্য খারাপ লাগছে। তবে এক ধাপ পেরোলেই যে ফাইনাল, নেই রোমাঞ্চও লুকিয়ে রাখতে পারছিলেন না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্নটাই ছিল, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিছু বলতে পারেননি, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন নিজের অনুভূতি? স্টিভেনসের সরল স্বীকারোক্তি, ‘জানি না। সত্যি বলতে কি কেমন লাগছে বুঝতেই পারছি না। এখনো অদ্ভুতই লাগছে।’নিজের উত্তরসূরিকে প্রাপ্য কৃতিত্ব দিলেও সেরেনাও লুকিয়ে রাখতে পারছিলেন না তাঁর হতাশা। নিজের ৫০তম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টটা খানিক আগেই শেষ হওয়ায় ‘মুক্তি’র আনন্দও নাকি পাচ্ছেন। কিছুদিন ধরে শরীরে বয়ে নিয়ে চলা অসহ্য ব্যথা থেকে মুক্তি! এএফপি, রয়টার্স।