ভক্তের জন্য নেইমার 'ফটোগ্রাফার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুদে ভক্তের চাওয়া পূরণ করতে নেইমার যখন আলোকচিত্রী।
খুদে ভক্তের চাওয়া পূরণ করতে নেইমার যখন আলোকচিত্রী।

‘হেক্সা’ মিশনে নেইমাররা এখন অনুশীলনে মগ্ন। ৬৪ বছর পর ঘরের মাঠে বিশ্বকাপ শিরোপা জয়ের প্রত্যয়ে প্রতিদিন ঘাম ঝরাচ্ছে সেলেসাওরা। প্রিয় খেলোয়াড়দের অনুশীলন দেখতে প্রতিদিনই সমর্থকদের ভিড় জমে অনুশীলন মাঠের চারপাশে। অনুশীলন নির্বিঘ্ন করতে মাঠে কড়া নিরাপত্তার চাদর। এ চাদর ফুঁড়েই প্রিয় খেলোয়াড়ের সঙ্গে ছবি তুলতে হুট করে মাঠে ঢুকে পড়ল এক শিশু! নিরাপত্তারক্ষীরা দ্রুতই পাকড়াও করল ক্ষুদ্র সমর্থককে।

ঘটনা এরপরই। বিরসবদনে যখন খুদে সমর্থকটি নিরাপত্তারক্ষীদের সঙ্গে মাঠ ছাড়ছে, তখনই পেছন থেকে একজনের ডাক। তিনি আর কেউ নন—নেইমার! যার সঙ্গে ছবি তুলতে এত কাণ্ড, সে-ই কি না তাকে ডাকছে! নেইমার অনেকখানি হেঁটে নিরাপত্তারক্ষীর কাছ থেকে শিশুটিকে নিয়ে এলেন। এরপর চাওয়া পূরণ করতে ব্রাজিল ফরোয়ার্ড আবির্ভাব হলেন আলোকচিত্রী হিসেবে! সতীর্থদের সঙ্গে শিশুটির কয়েকটি ছবি তুলে দিলেন। খুদে ভক্তের আসল চাওয়াটাও অপূর্ণ থাকেনি। সব শেষে নেইমারের সঙ্গেও ছবি তুলেছে সে।